হিন্দুত্ববাদে ঝুঁকছে উত্তর প্রদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় অনেকেই বিস্মিত হলেও রাজ্যে তিনি জনপ্রিয়
আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় অনেকেই বিস্মিত হলেও রাজ্যে তিনি জনপ্রিয়

একজন কট্টর হিন্দুত্ববাদী নেতাকে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যখন যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করেন, তখন অনেকেই একে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ে মোদির আরও কট্টর অ্যাজেন্ডার পেছনে ছোটার লক্ষণ হিসেবেই দেখেছেন। কিন্তু ওই ঘোষণার পর এ রাজ্যের বিশারা গ্রামে আতশবাজি ফোটানো আর রং মাখামাখির ঘটনা ৪৪ বছর বয়সী আদিত্যনাথের জনপ্রিয়তারও প্রমাণ দেয়।
২০১৫ সালে উত্তর প্রদেশের বিশারা গ্রামেই গো-হত্যার অভিযোগে উগ্রপন্থী হিন্দুদের হামলায় প্রাণ যায় মোহাম্মদ আখলাক নামের এক প্রবীণ মুসলিম বাসিন্দার। দেশজুড়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ হয়। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তর প্রদেশের জনসংখ্যা ২২ কোটি, যার প্রায় ২০ শতাংশই মুসলিম। জনসংখ্যার কারণে ভারতের জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব এই রাজ্যের। নতুন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ব্যাপক জনপ্রিয়তা এখানে। এর প্রমাণ মেলে মোহাম্মদ আখলাক হত্যায় গ্রেপ্তার এক ব্যক্তির মা কিরণ রানার ভাষ্য থেকে। তিনি বলেন, ‘তিনি (আদিত্যনাথ) আমাদের কাছে ঈশ্বরের মতো। তিনি তাঁদের (আমাদের সন্তানদের) বের করে আনবেন।’
২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল জয়ের পর হিন্দু জাতীয়তাবাদী কর্মসূচি থেকে অনেকখানিই সরে এসেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু উত্তর প্রদেশে একজন হিন্দুত্ববাদী নেতাকে সরকারপ্রধান করে বিজেপি আবারও আশঙ্কার জন্ম দিয়েছে, ভবিষ্যতে দলটি তাদের ‘হিন্দুত্ববাদের মতাদর্শ’ আরও বেশি করেই বাস্তবায়ন করবে।
টেলিগ্রাফ পত্রিকার ন্যাশনাল অ্যাফেয়ার্স এডিটর মানিনি চট্টোপাধ্যায় বিজেপির মতাদর্শ বাস্তবায়নের এই লক্ষণগুলোকে ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে একধরনের যুদ্ধ ঘোষণার’ শামিল বলে মনে করছেন। তিনি বলেন, উত্তর প্রদেশের রায় এটাই বলে, এ রাজ্য, সর্বোপরি ভারত ‘চরম হিন্দুত্ববাদের’ জন্য প্রস্তুত হচ্ছে।
বিষয়টা আঁচ করা যায় আদিত্যনাথের সমর্থকদের কথাতেও। কিরণ রানার দেবর রাজীব রানা নতুন মুখ্যমন্ত্রীর কাছে গো-হত্যা বন্ধের প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘উন্নয়ন আর গরুর মধ্যে বেছে নিতে বললে আমি গরুকেই বেছে নেব।’
বিশারা গ্রামের মুসলিম বাসিন্দাদের শঙ্কা এখনো দূর হয়নি। মোহাম্মদ আখতার নামে এক কাঠমিস্ত্রি গ্রাম ছেড়ে আরও দূরে কোথাও বসতি গড়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আখলাককে পিটিয়ে হত্যার পর গ্রামটি থেকে মায়া-মমতা-সহমর্মিতা উধাও হয়ে গেছে।