হিমাচলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন। পুলিশ আজ শনিবার এ তথ্য জানিয়েছে। 


শনিবার ভোরের দিকে রাজ্যের রাজধানী সিমলা থেকে ২০০ কিলোমিটার দূরে কিন্নাউর জেলায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি জিপ রাস্তা থেকে হাজার ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১৩ জন নিহত এবং একজন আহত হয় বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে ১০ জন একই গ্রামের বাসিন্দা বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা সুরিন্দর মোহন জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে পৃথক এক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়। রাজ্যের চাম্বা জেলায় যাত্রীবাহী মিনিবাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা অজয় পারাশার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন এবং হাসপাতালে নেওয়ার পথে বাকিরা মারা যান।