হুমকি দেওয়ায় বিজেপির এক ছাত্রনেতা বহিষ্কার
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমারের জিভ কেটে নিতে পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেওয়া বিজেপির যুব শাখার এক নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে দলটি। খবর এনডিটিভি অনলাইনের।
বহিষ্কৃত ওই ছাত্র নেতার নাম কুলদিপ ভার্শনি। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার বাদাউন জেলার প্রধান। নিজেকে ‘দায়িত্ববান নাগরিক’ হিসেবে দাবি করে ওই ছাত্র নেতা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কানহাইয়া গত বৃহস্পতিবার জেল থেকে জামিনে বেরিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজেপি, আরএসএস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করে বক্তৃতা দিয়েছেন, যা তিনি সহ্য করতে পারেননি।
কুলদিপকে বহিষ্কারের ঘোষণা দিয়ে ওই জেলা কমিটির সভাপতি হরিশ সখ্য বলেছেন, ছয় মাস আগেই ভার্শনিকে সংগঠনের জেলার প্রধান পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর বক্তব্য একেবারেই তাঁর নিজস্ব ব্যাপার। এ বিষয়ে বিজেপির কিছু করার নেই।