হুমকি সত্ত্বেও পাকিস্তানে যাচ্ছেন রাজনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কট্টরপন্থীদের হুমকি সত্ত্বেও পাকিস্তান সফর থেকে পিছিয়ে আসছেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উপলক্ষে কাল বুধবার তিনি ইসলামাবাদ যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে গতকাল সোমবার এই বিষয়ে জানানো হয়েছে, প্রতিনিধি ও অতিথিদের নিরাপত্তার যাবতীয় দায় সার্ক আয়োজক দেশের। রাজনাথ সিংয়ের সফরসূচি অপরিবর্তিত আছে।
রাজনাথ সিং সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন পাকিস্তানের জামাত-উদ-দাওয়া (জেইউডি) নেতা হাফিজ সাঈদ এবং হিজবুল মুজাহিদীন নেতা সৈয়দ সালাউদ্দিন। ভারত যাকে মুম্বাই হামলার খলনায়ক বলে অভিহিত করেছে সেই হাফিজ সাঈদ জানিয়েছেন, রাজনাথ সিং পাকিস্তানে এলে জেইউডি সারা দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করবে।
হাফিজ সাঈদ বলেছেন, লাহোর, ইসলামাবাদ, করাচি, কোয়েটা, পেশোয়ার, মুলতান, মুজফফরাবাদ, ফয়সালাবাদের মতো শহরে বিক্ষোভ সমাবেশ হবে। ওয়াগা সীমান্ত অবরোধ করা হবে। সরকারকে সাবধান করে তিনি বলেছেন, রাজনাথকে আমন্ত্রণ জানানো সরকারের বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু দেশের মানুষ ‘নিপীড়িত কাশ্মীরিদের’ পাশে আছে।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু গতকাল বলেন, রাজনাথ সিং ইসলামাবাদ যাচ্ছেন বহুদেশীয় সংগঠন সার্কের সম্মেলনে যোগ দিতে। ওই সম্মেলনে তিনি কোনো দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন না। একই অভিমত পররাষ্ট্র মন্ত্রণালয়েরও। মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গত সপ্তাহেই জানান, ইসলামাবাদে রাজনাথ সিংয়ের সঙ্গে পাকিস্তানি নেতৃত্বের দ্বিপক্ষীয় আলোচনার কোনো অবকাশই নেই।