ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান সহিংস পরিস্থিতি থেকে উত্তরণে বিচ্ছিন্নতাকামী দল ও সংগঠনের জোট হুরিয়াতসহ সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। জম্মু-কাশ্মীরে সর্বদলীয় একটি প্রতিনিধিদলের সফরের আগে এই আহ্বান জানানো হলো।
গত জুলাই মাসে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের জনপ্রিয় তরুণ নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে পড়ে কাশ্মীর উপত্যকা। এরপর টানা এক মাসের বেশি সময় ধরে সহিংসতায় নিহত হয় অন্তত ৭০ জন। আহত হয় ৫ হাজার মানুষ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিশেষ বৈঠকের ধারাবাহিকতায় পরিস্থিতি দেখতে সেখানে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের যাওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার ৩০ সদস্যের ওই দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইয়ের (এম) নেতারা বলেন, কাশ্মীরের সব পক্ষের সঙ্গে সরকারকে আলোচনা করতে হবে। সিপিআইয়ের (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, সর্বদলীয় এই প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় সরকারের উচিত হুরিয়াতকেও ডাকা। অন্যদেরও এ আলোচনায় সম্পৃক্ত করতে হবে। তারা আলোচনায় আসবে কি না, সেটা তাদের বিষয়।
আজ রোববার থেকে দুই দিনের সফরে সর্বদলীয় প্রতিনিধিদলটি কাশ্মীরে যাচ্ছে। সিপিআইয়ের নেতা সীতারাম ইয়েচুরি বলেন, পেলেট গান ব্যবহার বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। বেসামরিক এলাকায় নিরাপত্তা বাহিনীকে তল্লাশি ও গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা দেওয়া সংক্রান্ত আফসপা আইন প্রত্যাহার করতে হবে। এ ছাড়া সাম্প্রতিক সহিংসতায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার এবং আহত ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তার প্যাকেজ ঘোষণা দিতে হবে।
রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রাখতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে জানতে হবে, কাশ্মীরে প্রকৃতপক্ষে কোন কোন পক্ষ আছে। তা নির্দিষ্ট করে তাদের আলোচনায় ডাকতে হবে।