ছয় দিনে পাঁচ দেশ সফরে বেরিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার আফগানিস্তানের হেরাত প্রদেশে সালমা বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানের পুনর্গঠনে দেওয়া প্রতিশ্রুতির একটা বিরাট ধাপ পেরিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে মোদি তুলে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়।
প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির এটা ৪১তম বিদেশ সফর। এই সফর আরও উল্লেখযোগ্য কারণ, দিল্লিতে প্রাতরাশ সেরে মোদি হেরাতে মধ্যাহ্নভোজ করবেন এবং নৈশভোজ করবেন কাতারের রাজধানী দোহায়। পরের পুরোটা দিন সুইজারল্যান্ড কাটিয়ে দুটো দিন মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর মেক্সিকো হয়ে ঘরে ফেরা। নজরে ভারতকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) অন্তর্ভুক্ত করা।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে ২০০২ সাল থেকে ভারত যেসব প্রকল্প হাতে নিয়েছিল, সালমা বাঁধ তার অন্যতম। মোট ১২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পগুচ্ছের মধ্যে সালমা বাঁধের কাজ শেষ করতে ভারত সময় নিয়েছে সবচেয়ে বেশি, খরচ করেছে পৌনে দুই হাজার কোটি টাকা। তালেবানের নিরন্তর হুমকির মোকাবিলা করতে হয়েছে ভারতীয় কর্মীদের। ২০১৩ সালে তালেবানরা বাঁধে বিস্ফোরণও ঘটিয়েছিল। কিছুদিন বন্ধও ছিল নির্মাণকাজ। নির্মাণকর্মীদের প্রতিদিন হেলিকপ্টারে উড়িয়ে আনা হতো ও দিনের কাজ শেষ হওয়ার পর তাঁদের ফের উড়িয়ে নিয়ে যাওয়া হতো নিরাপদ স্থানে। ফলে যে বাঁধ প্রকল্প ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্বোধন করার কথা ছিল, তিন বছর পর তা উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির জন্মস্থান চিশতি-ই-শরিফ থেকে ১৬০ কিলোমিটার দূরে এই বাঁধ প্রকল্প থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং ৭৫ হাজার হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। আফগানিস্তানের অর্থনীতিতে এই বাঁধ প্রকল্পের অবদান বিরাট।
তালেবান-উত্তর আফগানিস্তানে প্রভাব বাড়ানোর মধ্য দিয়ে ভারত বরাবর চেয়ে এসেছে পাকিস্তানের প্রভাব খর্ব করতে। এই কারণে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদ ভবন ভারত তৈরি করে দিয়েছে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে।