হেরাল্ড বিতর্ক থামছেই না
ন্যাশনাল হেরাল্ড বিতর্কে গতকাল বুধবার ঘৃতাহুতি দিলেন স্বয়ং রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতি সংসদ ভবন চত্বরে সরাসরি অভিযোগ আনলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিরুদ্ধে। বললেন, ‘এটা ১০০ শতাংশ রাজনৈতিক প্রতিহিংসা। এই প্রতিহিংসার পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়।’
এই মন্তব্যের পাশাপাশি রাহুল এ কথাও বলেন, ‘বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। শেষমেশ সত্য ঠিকই প্রকাশিত হবে।’
ন্যাশনাল হেরাল্ড বিতর্ককে কেন্দ্র করে গত মঙ্গলবারের মতো গতকালও সংসদের উভয় কক্ষ উত্তাল হয়ে ওঠে। কংগ্রেস সাংসদেরা দুই কক্ষ স্পিকারের আসনের সামনে চলে আসায় দফায় দফায় সভা মুলতবি হয়ে যায়। এই বিতর্কে কংগ্রেসের পাশে সমর্থন নিয়ে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নে সরকারের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস সাংসদেরা ওয়াকআউটও করেন।
দিল্লি সফরে এসে গত মঙ্গলবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, এত বছর রাজনীতি করার পর যদি কাউকে নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হয়, সেটা মানা যায় না। গতকাল ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন। মমতা সন্ধ্যায় সোনিয়ার বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান এবং ন্যাশনাল হেরাল্ড বিতর্কে তাঁর সমর্থনের কথাও জানিয়ে দেন।
নিম্ন আদালতের নির্দেশকে কেন্দ্র করে সংসদ অচল করে দেওয়ায় কংগ্রেসের সমালোচনায় বিজেপি নেতৃত্ব সুর চড়িয়েছেন। সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু অভিযোগ করে বলেন, সংসদকে হাতিয়ার করে, সংসদ অচল রেখে কংগ্রেস বিচার বিভাগকে ভয় দেখাতে চাইছে। এর জবাবে রাহুল বলেন, ‘সত্য আসলে ঠিক উল্টো। বিচারব্যবস্থাকে কারা ভয় দেখাচ্ছে, আমরা সব জানি।’ সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি আবার রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সংসদের সময় নষ্ট না করে সাহস থাকলে তিনি সংসদেই বরং প্রমাণ দিন, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কে এবং কীভাবে রাজনৈতিক স্বার্থে কংগ্রেসের বিরুদ্ধে এই চক্রান্ত করেছে।