হোটেলের কক্ষ নিয়ে মন্ত্রীর সঙ্গে বচসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেশ কুমার শর্মা ( ছবি ফেসবুক থেকে নেওয়া)
সুরেশ কুমার শর্মা ( ছবি ফেসবুক থেকে নেওয়া)

দলের লোকজন নিয়ে ভারতের বিহার রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী সুরেশ কুমার শর্মা আসেন তারাপীঠে। উদ্দেশ্য পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থস্থান বীরভূমের তারাপীঠ মন্দিরে পূজা এবং বছর শেষের ছুটি কাটানো। তবে কক্ষ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় তা পণ্ড হয়ে গেছে। ঘটনা গড়িয়েছে পুলিশ পর্যন্ত। দুই পক্ষই এ ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছে।

জানা গেছে, গতকাল সোমবার রাতে সোনার বাংলা নামের ওই হোটেলে পৌঁছানোর আগেই মন্ত্রী অনলাইনে ওই দিনের জন্য চারটি কক্ষ বুক করেন। দুটি গাড়িতে ১২ জনের দল পৌঁছানোর পর কক্ষ চাইলে হোটেলের ব্যবস্থাপক তাঁদের অপেক্ষা করতে বলেন। এতে মন্ত্রীসহ তাঁর সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা এই হোটেলে থাকবেন না জানিয়ে টাকা ফেরত চান। কর্তৃপক্ষ জানায়, টাকা ফেরত নিতে হবে অনলাইনে। এরপরই ঝগড়া শুরু হয়ে যায় দুই পক্ষের।

হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, ঝগড়ার একপর্যায়ে মন্ত্রীর সঙ্গে থাকা লোকজন অভ্যর্থনা কক্ষে হামলা চালায়। ভাঙচুর করে কম্পিউটার। মন্ত্রীর নির্দেশে তাঁর দেহরক্ষী হোটেলের এক কর্মীকে মারধর করেন। রিভলবার উঁচিয়ে গুলি করার হুমকি দেন। মন্ত্রীও হুমকি দেন এই বলে যে তিনি মোদির মন্ত্রী। এর পরিণাম ভালো হবে না। টাকা ফেরত না দিলে হোটেল বন্ধ করে দেবেন। হট্টগোলে পাশের হোটেলের মালিক ও কর্মীরা ছুটে এলে মন্ত্রী ও তাঁর সঙ্গীরা গাড়ি রেখে পালিয়ে যান বলে দাবি করে কর্তৃপক্ষ।

এদিকে পাল্টা অভিযোগ করে মন্ত্রী বলেছেন, হোটেলের কক্ষ বুক করে রাখলেও তা প্রস্তুত রাখা হয়নি। হোটেল কর্তৃপক্ষ জানায়, কক্ষ প্রস্তুত করতে দেরি হবে, অপেক্ষা করুন। এরপরই শুরু হয় বচসা। টাকা ফেরত চাইলে হোটেলের কর্মীরা রড এনে তাঁর দেহরক্ষী ও গাড়ির চালককে মারধর করে। আঘাতে আহত চালকের মাথায় আটটি ও দেহরক্ষীর দুটি সেলাই লেগেছে।
মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।’

বীরভূমের পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।