হোয়াটসঅ্যাপ পোস্টে 'দার্জিলিং রাজ্য' নিয়ে শোরগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরবঙ্গের বিজেপির এক কর্মকর্তা হোয়াটসঅ্যাপের এক পোস্টে গোর্খাল্যান্ডকে ভারতের ৩০তম রাজ্য হিসেবে পোস্ট করার পর থেকে শোরগোল চলছে। ওই পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে গোর্খাল্যান্ডকে রাজ্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই পোস্টের পর শোকজ করা হয়েছে শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি নন্দন দাসকে। তিনি কেন এ পোস্ট দিয়েছেন, তা জানতে চেয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

দলের জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, তিনি শীর্ষ পদে থেকে কেন এমন বিভ্রান্তিকর কাজ করলেন, সেটাই প্রশ্ন।

নন্দন দাস বলেন, তিনি আরেকজনের কাছ থেকে বার্তা পেয়ে তা যাচাই না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছেন।

পাহাড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ৩৮তম দিনে পড়েছে। শনিবার ভোরে জলঢাকা থানার কাছে পুলিশের আউটপোস্ট পুড়িয়ে দিয়েছেন একদল মোর্চা সমর্থক। স্কুল-কলেজ বন্ধ। চা-বাগানগুলো বন্ধ রয়েছে ৪০ দিন। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াঙে ১৩ মোর্চা সমর্থক আমরণ অনশনে বসেছেন।

পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখছেন সিআরপিএফ জওয়ানেরা। পাহাড়ের বিভিন্ন জায়গায় কড়া পাহারা রয়েছে।