১০ কেজি ওজনের রসগোল্লা

ভারতে রসগোল্লার ভৌগোলিক স্বীকৃতি (জিআই) পেল পশ্চিমবঙ্গ। দেশটির ওডিশা রাজ্যের সঙ্গে আড়াই বছর ধরে দর–কষাকষির পর এই স্বীকৃতি পেল তারা।
এই উপলক্ষে আজ মঙ্গলবার কলকাতায় রসগোল্লা উৎসব শুরু হয়। উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়ায় ১০ কেজি ওজনের একটি রসগোল্লা তৈরি করা হয়েছে। গত রোববার রাতে চারজন কারিগর মিলে এই রসগোল্লা বানিয়েছেন।
স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে ফুলিয়া বাসস্ট্যান্ডের একটি মিষ্টির দোকানে রসগোল্লাটি বানানো হয়। ফুলিয়াবাসীর দাবি, কলকাতা নয়, সেখানে হারাধন মণ্ডল ১৮৬৪ সালে প্রথম রসগোল্লা তৈরি করেছেন। ফুলিয়াবাসী এর মধ্যে জিআই স্বত্ব পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। একই সঙ্গে এই ১০ কেজি ওজনের রসগোল্লাকে গিনেস বুকে তোলার জন্যও আবেদন করেছে।
যদিও কলকাতার চিনি ব্যবসায়ী নবীন চন্দ্র দাসকে রসগোল্লার প্রথম আবিষ্কারক হিসেবে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে।