১০ বছর পর বারাসাতের সেই মসজিদে

তিনি একজন হিন্দু। কিন্তু তাঁর বাড়ির সামনে রেখেছেন একটি মসজিদ। এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন তিনি এখনো। সঙ্গে ৪০ বছর বয়সী ছেলে পার্থ সারথী বসু। পার্থ সারথী এখন রোজা রাখেন। ইফতার করেন। দীর্ঘ ১০ বছর পরও এই চিত্রের তেমন হেরফের হয়নি আজও। তাই কেমন আছে সেই ঐতিহাসিক ছোট মসজিদটি তা দেখতে ছুটে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের পশ্চিম ইছাপুরের নবপল্লীর সেই মসজিদটি দেখতে।

গত সোমবার (১২ জুন) বিকেলে সেই মসজিদে গিয়ে দেখলাম ইফতারির আয়োজন চলছে। অংশ নিলাম। আজানের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ইফতার। এখন অনেক পরিবর্তন হয়েছে মসজিদটির। এখন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। মাইক লাগানো হয়েছে। মসজিদের ভেতরে রংও করানো হয়েছে। ছাদের ওপর টিনশেড। ছাদেই মুসল্লিরা ইফতার করেন। শুক্রবার জুমার নামাজ পড়েন। রয়েছে নামাজিদের অজু করার জায়গা। বলতে দ্বিধা নেই সুন্দরভাবে মসজিদটি এখন সাজিয়ে তোলা হয়েছে। মসজিদটির মালিক বলছেন, তাঁর লক্ষ্য এখন মসজিদে একটি মিনার তৈরি করা।

সাদা রঙের এই মসজিটির নাম ‘আমানতি মসজিদ’। দুদিকে রয়েছে দুটি বড় সাইনবোর্ড। ৩০ ফুট লম্বা আর ২৫ ফুট প্রস্থের মসজিদের ইমাম মাওলানা আখতার আলি। ১০ বছর আগেও তাঁকে দেখেছিলাম। আগে ছিল মসজিটি চুনসুরকির। এখন এটি তৈরি হয়েছে ইট, বালি সিমেন্ট দিয়ে। এই মসজিদ নিয়েই ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর প্রথম আলোর ‘অন্য আলো’ ক্রোড়পত্রে বেরিয়েছিল ‘বারাসাতের সেই মসজিদ’ শিরোনামে একটি বিশেষ লেখা।
মসজিদটির মালিক দীপক বসু। বয়স এখন ৬৮ বছর। তিনিই মসজিদটির রক্ষণাবেক্ষণ করেন। ব্যয়ও বহন করে উন্নয়ন করেন। দীপক বসু এলাকার পুরোনো বাসিন্দা। কেরোসিনের ডিলার দীপক বসুর আদিবাস বাংলাদেশের খুলনার ফুলতলার আলকা গ্রামে। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের সময় তিনি চলে আসেন এখানে। তখন বারাসাতের এই জায়গার মালিক ছিলেন এখানকার মোড়ল শেখ ওয়াজি উদ্দিন মোল্লা। তাঁর সঙ্গে জমি বিনিময় করেন দীপক বাবুর বাবা নীরদ কৃষ্ণ বসু। তিনি একসময় চট্টগ্রামে সরকারি চাকরি করেছেন। তিনিই খুলনার গ্রামের ৭০ বিঘা জমির বিনিময়ে বারাসাতের ১৬ বিঘা জমি পান। আর এই জমিতেই ছিল শত বছরের পুরোনো ইট সুরকির তৈরি একটি ভগ্ন মসজিদ। দীপক বসুর পরিবার মসজিদটি দেখেই সিদ্ধান্ত নেন, মসজিদ ভাঙা হবে না। রক্ষা করা হবে মসজিদ।

দীপক বসু প্রথম আলোকে বললেন, ছোটবেলা থেকেই আমি চট্টগ্রামের পীর হজরত আমানত শাহের ভক্ত। তার মুরিদ। সেই থেকে ধর্মীয় স্থানের ওপর আমার ভক্তি ও শ্রদ্ধাবোধ তৈরি হয়। এখানে আসার পরই আমরা মসজিদটির সংস্কারের সিদ্ধান্ত নিই।
দীপক বসু বলেন, আমার শরীর খারাপ হলে এখনো মসজিদে এসে শুয়ে থাকি। পরম শান্তি পাই। তিনি আরও বললেন, একবার মুসলিমরা ভাই এসে আমাকে অনুরোধ করে বলেন, মসজিদটি যেন আমি ওয়াক্ফ সম্পত্তি হিসাবে দান করে দিই। আমি রাজি হয়নি। বলেছিলাম, আমি না থাকলেও আমাদের বসু পরিবারের বংশধরেরা এর রক্ষণাবেক্ষণ করে যাবে।
দীপক বসুর পুত্র পার্থ সারথী বসু পিতার দেখানো পথে চলছেন। সেও দারুণ ভক্ত মসজিদটির। এবারও তিনি রোজা রেখেছেন। প্রতিবছরই রাখেন। প্রতি শুক্রবার হাজির থাকেন জুমার নামাজে। এ দিন পার্থ সারথী রোজা ভেঙে সবার সঙ্গে ইফতারও করলেন। মাথায় রুমাল বেঁধে যথারীতি প্রার্থনাও করলেন আর সব রোজদারের সঙ্গে। দেখলাম প্রচুর রোজদার মানুষ এসেছেন মসজিদের ইফতারে।
মসজিদের ইমাম প্রথম আলোকে বলেন, রোজার প্রতিদিনই কেউ না কেউ ইফতারের ব্যবস্থা করে আসছেন। কবে কে ইফতারের আয়োজন করছেন এবার তার তালিকাও টাঙানো আছে।

দীপক বসুর ছেলে পার্থ সারথী বললেন, আমাদের পাশের ইছাপুর, চন্দনপুর, কোরা, কাজীপাড়া, কাটুরিয়া থেকেও মুসল্লিরা এখানে আসেন নামাজ আদায় করতে। শুক্রবার জুমার দিন প্রচুর ভিড় হয়। হিন্দু পাড়ায় মসজিদ হলেও কারও কোনো কিছু নিয়ে আপত্তি নেই। সবার এক কথা, এখানে হিন্দু মুসলমান এক। সাম্প্রদায়িকতার স্থান নেই। এখানে সবাই একসঙ্গে কাজ করেন। মিলেমিশে থাকেন। পবিত্র ঈদের দিন মসজিদটিকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সবাই আসেন নামাজ আদায় করতে। ঈদের নামাজ শেষে সবাই একাত্ম হন। আলিঙ্গন করেন। যোগ দেন পাড়াপড়শীরাও। সে এক অপূর্ব দৃশ্য। তখন আর কোনো ভেদাভেদ থাকে না। শুধু কি তাই, বসু পরিবারের কারও মৃত্যু হলে মরদেহ মসজিদ দর্শন করে নিয়ে যাওয়া হয় শ্মশানে। নতুন বিয়ে হলে বা বর-বনে এলে তাদেরও দর্শন করানো হয় এই মসজিদ। মসজিদে অনেকে মানত করেন। মসজিদের পাশের বাদাম গাছতলার পাকা বেদিতে এখনো অনেকে মোমবাতি আর ধূপকাঠি জ্বালান। প্রার্থনা করেন।
এদিন মসজিদে নামাজ পড়তে আসা কুতুব আলি, আব্বাস আলি, আলাউদ্দিন মন্ডল প্রথম আলোকে জানালেন, দীর্ঘদিন ধরেই মসজিদে নামাজ পড়ছেন তারা। এ দিন ইফতারের আয়োজক কুতুব আলি বললেন, এই মসজিদটির প্রতি এক অজানা টানে ছুটে আসেন তিনি। হৃদয় দিয়ে ভালোবাসি মসজিদটিকে। তাইতো আজ এত মুসল্লিদের ইফতারের ব্যবস্থা করতে পেরে আমি সত্যিই ধন্য। মহান আল্লাহ আমাকে আরও বেশি করে মানুষকে খেদমত করার সুযোগ যেন দেন। তিনি বলেন, ইফতার সেরে বাড়ি যাব। খেয়ে এসে রাতে তারাবি নামাজে অংশ নেব। সত্যিই আমি ধন্য। আমাদের গুরুজন দীপক বসু এখনো মসজিদটির উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ। তিনি সকালে এসে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পানি ঢেলে মসজিদ মোছেন। পানির অভাব হলে তিনি নিজে বালতি করে পানি এনে মুসল্লিদের অজুর ব্যবস্থা করেন। সত্যিই এক আসল মানুষ এই দীপক বসু।