১০ মাসে ৭৬ বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ৭৬টি বাঘ মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে। কর্ণাটক রাজ্যে মারা গেছে ১৩টি বাঘ।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি অ্যান্ড ট্রাফিক ইন্ডিয়ার সহযোগিতায় টাইগার নেট এ তথ্য প্রকাশ করেছে। ৭৬টি বাঘের মধ্যে ৪১টির মৃত্যু নিয়ে তদন্ত চলছে। বেঁচে থাকা বাঘগুলোও নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে বাঘ ধরা, বিষপ্রয়োগ, বিদ্যুতায়িত করা, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি।

২০১০ সাল থেকে ভারতে বাঘের মৃত্যুর হার বেশি। ২০১৫ সালে ৬৯টি বাঘ মারা যায়। বন্য প্রাণী সংরক্ষকেরা বেআইনিভাবে বাঘ ধরার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ পাচার করা হচ্ছে। তাঁরা এটি রোধে আরও কঠোর হতে আহ্বান জানিয়েছেন।

এ বছরের নভেম্বর মাস পর্যন্ত ২০টি বাঘের শরীরের অংশ জব্দ করা হয়েছে। ২০১০ সালের পর এটিই সর্বোচ্চ। গত মাসে মহারাষ্ট্রে বাঘের শরীরের বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে।

ট্রাফিক ইন্ডিয়ার প্রধান শেখর কুমার নিরাজ বলছেন, প্রতিবছরের আগস্ট থেকে নভেম্বর মাসে বেআইনিভাবে বেশি বাঘ ধরা হয়। কিন্তু এ সময়টা কেন বেছে নেওয়া হয়, তা অস্পষ্ট। গত বছরের তুলনায় এ বছর বাঘের মৃত্যুর হার বেড়েছে ১০ শতাংশ। আর বাঘের শরীরের বিভিন্ন অংশ জব্দের হার বেড়েছে ১৫০ শতাংশ।

মহারাষ্ট্রের তাদোবা ও মেলঘাট এলাকায় বাঘ বেআইনিভাবে বেশি ধরা হয়। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সীমান্তে বাঘ বেশি মারা পড়ে। নাগপুরেও অবৈধভাবে বন্য প্রাণীর দেহের বিভিন্ন অংশ পাচার করা হয়।

বেসরকারি সংস্থা কনজারভেশন অ্যাকশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা দেবী গোয়েঙ্কা বলেন, বাঘদের আবাসভূমিগুলোর পরিবেশ খুবই খারাপ। তবে এর মধ্যেও দেশের কয়েকটি এলাকায় বাঘদের ভালোভাবে লালনপালনের চেষ্টা চলছে। এসব অভয়ারণ্যে বাঘের শাবকেরা অনায়াসে ঘোরাফেরা করতে পারে। কিন্তু এগুলোর সংখ্যা খুব কম। টিএনএন অবলম্বনে