১২ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি মন্ত্রিসভার ৪৫ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য উমা ভারতী, নীতিন গাড়কারি, মানেকা গান্ধী ও ভি কে সিংয়ের মতো মন্ত্রীরা এই তালিকায় রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নির্বাচন কমিশনে দেওয়া লোকসভা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য রয়েছে।
গতকাল বুধবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, কতটা দাগী হলে মন্ত্রী হওয়া যাবে না, সেই মাপকাঠি সংসদকেই নির্ধারণ করতে হবে। আদালত বিষয়টি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের জ্ঞান-প্রজ্ঞার ওপর ছেড়ে দিচ্ছেন। রাজনীতির দুর্বৃত্তায়ন ঠেকাতে প্রায় ১০ বছর আগে দায়ের করা এক জনস্বার্থ মামলার রায়ে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চ এই রায় দেন।
এডিআর গত জুনের আরেক প্রতিবেদন অনুযায়ী লোকসভার ৫৪১ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সবচেয়ে বেশি ফৌজদারি অভিযোগ রয়েছে ক্ষমতাসীন বিজেপির সাংসদদের বিরুদ্ধে।