১৩ বছরেও কবিগুরুর নোবেল পদক চুরির কিনারা হয়নি
দীর্ঘ ১৩ বছরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক উদ্ধার হলো না। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দুই দফা তদন্ত শুরু করেও তা বন্ধ করে দেয়। ২০০৪ সালের ২৫ মার্চ কবিগুরুর নোবেল পদকসহ আরও ৫৩টি মূল্যবান সামগ্রী চুরি হয় শান্তিনিকেতনের রবীন্দ্রভবন থেকে।
রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির ঘটনা আবার তদন্তের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার গত বছরের ১ সেপ্টেম্বর গঠন করে সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) বা বিশেষ তদন্ত দল। সেই তদন্ত দল সম্প্রতি শান্তিনিকেতন থেকে গ্রেপ্তার করেছে তাপস দাস নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে। সিটের ধারণা, এই তাপস দাসকে জেরা করে নোবেল পদক চুরির সূত্র পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের ৪ আগস্ট শান্তিনিকেতন সফরে গিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার পদক উদ্ধারের জন্য তদন্ত করতে ইচ্ছুক। মমতা এ জন্য সাহায্য চেয়ে সিবিআইকে চিঠি লেখেন। চেয়ে পাঠান তাদের কাছে থাকা এ-সংক্রান্ত নথি। কিন্তু সিবিআই তাতে সাড়া না দিলে মমতা তদন্তের¯জন্য সিট গঠন করেন।
পদক চুরির এক সপ্তাহ পরই ৩১ মার্চ তদন্তে নেমেছিল সিবিআই। কিন্তু কিনারা করতে না পেরে ২০০৭ সালে তদন্ত বন্ধ করে দেয়। পরে আবার ২০০৮ সালে তদন্ত শুরু করে। কিন্তু সেবারও বেশি দূর এগোতে না পেরে ২০১০ সালে আবার কাজ বন্ধ করে দেয়।