১৪ বছর পর দোষী সাব্যস্ত ২৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর ভারতের গুজরাটের গুলবার্গ সোসাইটি গণহত্যা মামলার রায় হলো। আহমেদাবাদের বিশেষ আদালত গতকাল বৃহস্পতিবার ওই মামলায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছেন। এঁদের মধ্যে ১১ জনের অপরাধ খুনের, বাকি ১৩ জন দোষী সাব্যস্ত হয়েছেন অন্য অপরাধে। মোট ৬৬ জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে আদালত মুক্তি দিয়েছেন ৩৬ জনকে। আগামী সোমবার দোষী ব্যক্তিদের সাজা ঘোষণা করা হবে।
২০০২ সালে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনার পরের দিন গুলবার্গ সোসাইটি আক্রান্ত হয়। মুসলমানদের এই আবাসস্থলে সেই হামলায় নিহত হয়েছিলেন ৬৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাবেক সাংসদ এহসান জাফরি। আক্রমণকারী ব্যক্তিরা তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে পুড়িয়ে মারে। জাফরির স্ত্রী জাকিয়ার অভিযোগ, বারবার ফোন করেও তাঁরা পুলিশ বা রাজনৈতিক নেতাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি।
মামলার অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা অতুল বৈদ্য। ভিএইচপির স্থানীয় নেতারা রায়ের পর জানিয়েছেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন।
যাঁরা ছাড়া পেলেন তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির স্থানীয় কাউন্সিলর বিপিন প্যাটেল ও কংগ্রেস কাউন্সিলর মেঘসিং চৌধুরী। যে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সক্রিয় সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল, সেই কে জি এরদাকেও বিশেষ আদালত মুক্তি দিয়েছেন। নিহত ব্যক্তিদের আইনজীবী মানবাধিকারকর্মী তিস্তা শীতলবাদ জানিয়েছেন, মুক্তি পাওয়া ৩৬ জনের বিষয়ে উচ্চতর আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে তাঁরা পরে সিদ্ধান্ত নেবেন। জাকিয়া জাফরি ও তাঁর পুত্র বলেছেন, রায়ে তাঁরা সন্তুষ্ট নন।
আহমেদাবাদ শহরে ৩০টি বাংলো ও ১০টি অ্যাপার্টমেন্ট ব্লক নিয়ে এই গুলবার্গ সোসাইটি। ঘটনার দিন প্রায় ২০ হাজার সশস্ত্র লোক এই সোসাইটিতে হামলা চালায়। অভিযোগ, শাসক দল বিজেপির নেতাদের উসকানি ও প্ররোচনায় এবং পুলিশের সহযোগিতায় এই আক্রমণ চালানো হয়। এতে মোট ৬৯ জনের মৃত্যু ঘটে। ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছিল, ঘটনার সাত বছর পর সরকার বাকিদেরও মৃত ঘোষণা করে। এহসান জাফরি ছিলেন সেই দলে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ও তত্ত্বাবধানে এই মামলাটি চালানো হয়। সাত বছর শুনানি চলে। সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব তুলে দেন এক বিশেষ তদন্তকারী দলের হাতে। মোট চারজন বিচারপতি মামলাটি শোনেন। সাক্ষ্য নেওয়া হয় ৩৩৮ জনের। এঁদের মধ্যে ছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে ওই গণহত্যায় চক্রান্তের অভিযোগ এনেছিলেন জাকিয়া জাফরি।