২০০২ সালের ফেব্রুয়ারিতে ভারতের গুজরাট রাজ্যের গোধরায় একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত ফারুক ভনা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ ১৪ বছর পালিয়ে ছিলেন। সবরমতি এক্সপ্রেসে ওই হামলায় ৫৯ ব্যক্তি নিহত হন।
পুলিশের অভিযোগপত্রে বলা হয়, সাবেক পৌর কাউন্সিলর ফারুক ভনা ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় একটি অতিথি ভবনে ট্রেনে হামলার পরিকল্পনা-সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন। পরিকল্পনা অনুযায়ী, দুর্বৃত্তরা ট্রেনটির বিভিন্ন কামরায় অবস্থান নেয়। ট্রেনটি গোধরা স্টেশনে আসামাত্র কামরাগুলোতে আগুন লাগিয়ে দেয় তারা। এতে নারী-শিশুসহ ৫৯ জনের প্রাণহানি ঘটে। গুজরাটে মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গায় ১ হাজার ১০০-এর বেশি মানুষ নিহতের ঘটনার পরপরই ট্রেনে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
পুলিশের খাতায় নিজের নাম দেখার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন ফারুক। অবশেষে গতকাল গুজরাটের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ট্রেনে অগ্নিসংযোগের ওই ঘটনায় ইতিমধ্যে ৩০ জনকে দণ্ড দেওয়া হয়েছে।