১৪ লাখ সামগ্রীর ব্যক্তিগত সংগ্রহশালা গড়েছেন সুধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধীর সরকার
সুধীর সরকার

সেই ৫ বছর বয়স থেকে দেশলাইয়ের বাক্স সংগ্রহ করার এক নেশায় পড়ে যান তিনি। সেই থেকে আজ ৭০ বছর ধরে সংগ্রহ করে চলেছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরের বাজিতপুর গ্রামের বাসিন্দা সুধীর সরকার। তাঁর সংগ্রহে আজ ১৪ লাখ সামগ্রী। এই সামগ্রী দিয়ে তিনি ব্যক্তিগতভাবে নিজের বাসভবনে তৈরি করেছেন একটি সংগ্রহশালা। চাইছিলেন বড় আকারের সংগ্রহশালা করতে। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি।

১৯৪২ সালে ঢাকায় জন্ম সুধীর সরকারের। এখন তাঁর বয়স ৭৫ বছর। বাবা ছিলেন ভারতীয় ডাক বিভাগের কর্মচারী। সেখান থেকে তিনি দেশলাইয়ের পাশাপাশি ডাকটিকিট সংগ্রহের উৎসাহ পান। বাবার মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে তাঁর চাকরি জোটে ডাক বিভাগে। তারপর সারা ভারত, দেশ-বিদেশ ঘুরে জোগাড় করেন দেশলাইয়ের বাক্স, ডাকটিকিটসহ নানা দুষ্প্রাপ্য সামগ্রী। তাঁর সংগ্রহে এখন দেশ-বিদেশের ১২ লাখ ডাকটিকিট। এ ছাড়া তাঁর সংগ্রহে রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, গাছের ছালের পুঁথি, তালপাতার পুঁথি, মূল্যবান পাথর, পোশাক-পরিচ্ছদের নানা বোতাম, ১৭৫ বছরের পুরোনো কোডাক ক্যামেরা, পৃথিবীর প্রাচীনতম মডেলের দুরবিন ইত্যাদি।

১৯৭৬ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন সুধীর সরকারের বাসভবন পরিদর্শন করেন। তখন তাঁকে একটি সংগ্রহশালা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। কিন্তু সেই আশ্বাস আর বাস্তবে রূপ পায়নি। তারকেশ্বর পৌরসভা সুধীর সরকারকে একইভাবে আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি।

সুধীর সরকারের এই সংগ্রহশালা গড়ার জন্য নিজে দুই কাঠা জমিও রেখেছেন। সুধীর সরকার বলেছেন, এসব সামগ্রীর বেশির ভাগই এখন বাক্সবন্দী ও বস্তাবন্দী। কিন্তু এভাবে বেশি দিন আর তা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই তাঁর দাবি ভারত সরকার যেন তাঁর স্বপ্নপূরণে এগিয়ে আসে।