১৪৪ ধারার মধ্যেও উত্তপ্ত নাগাল্যান্ড
নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে গিয়ে হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড। রাজ্যের দুই বড় শহর কোহিমা এবং ডিমাপুরে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ।
রাজ্যের সর্বত্রই ১৪৪ ধারা বলে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তাতেই পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। রাজ্য পুলিশের মুখপাত্র শৌকা কাখেটো জানিয়েছেন, এখন পর্যন্ত হিংসার বলি হয়েছেন দুজন। নাগা মাদার্স অ্যাসোসিয়েশনের ৩৩ শতাংশ নারীদের জন্য সংরক্ষণের দাবিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সম্প্রতি পৌর নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রেখেই ভোট করতে চেয়েছিলেন নাগা পিপলস পার্টি পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী টি আর জেইলিয়াং। কিন্তু তাঁর সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকবে। নাগাদের সবচেয়ে বড় সংগঠন নাগা হোহো-র নেতৃত্বে বিভিন্ন উপজাতি সংগঠন নির্বাচন প্রক্রিয়া বাতিলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করা হয়। কিন্তু এক বিবৃতিতে জেইলিয়াং জানান, তিনি পদত্যাগ করছেন না। তিনি রাজ্যবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালেও এখনো পর্যন্ত শান্তি ফেরার লক্ষণ নেই।
অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর টহলদারি। তারই মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসছেই।