১৫ জানুয়ারির আলোচনা নিয়ে চরম উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না, সেই উৎকণ্ঠার মাঝেই পাকিস্তান বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। ইসলামাবাদ থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের পাঠানো খবর অনুযায়ী, পাঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গুজরানওয়ালা, ঝিলম ও ভাওয়ালপুর জেলায় তল্লাশি চালিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ একাধিক ব্যক্তিকে আটক করেছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি তদন্তকারী দল গড়ে দিয়েছেন। সেই দলে গোয়েন্দা ব্যুরো, আইএসআই, সেনা গোয়েন্দা, রাষ্ট্রীয় তদন্ত সংস্থা ও পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। এই যৌথ তদন্তকারী দলই (জেআইটি) দেখবে পাঠানকোট হামলার খলনায়ক কারা ও কীভাবে কাদের মদদে এই অপরাধ ঘটেছে।
পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগের পক্ষে বেশ কিছু তথ্য-প্রমাণ পাকিস্তানের হাতে ভারত তুলে দিয়ে বলেছে, অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ১৫ জানুয়ারি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিল করা হবে। ভারতের এই হুমকির পরই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জেআইটি গঠনের সিদ্ধান্ত নেন। তার আগে অবশ্য এই হামলার তীব্র নিন্দা করা হয়।
ভারতের পক্ষ থেকে যেসব তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়, তাতে জইশ-ই-মুহাম্মদের যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। সংগঠনের নেতা মাওলানা মাসুদ আজহার। তাঁর গ্রেপ্তার ভারতের প্রধান দাবি হলেও কাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পাকিস্তান সরকারিভাবে কিছু জানায়নি। এই আটক নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যও করেনি। যদিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে পুরোনো দাবি নতুনভাবে জানিয়ে বলেছেন, পাকিস্তান ব্যবস্থা নিলেই আলোচনা হতে পারে। পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে, তাতে ভারত সন্তুষ্ট কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের ইসলামাবাদ যাওয়ার কথা চলতি মাসের মাঝামাঝি।
ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীর কাছাকাছি আসা ঠেকাতেই যে পাঠানকোট হামলা, দুই দেশের জনপ্রিয় ধারণা সে রকম। ভারতের কট্টরবাদীরা অবশ্য মনে করে, দ্বিপক্ষীয় আলোচনায় লাভের লাভ কিছু হবে না। এই মহল পাল্টা ব্যবস্থার পক্ষে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গতকাল দিল্লিতে ৬৮তম সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বলেন, ভারতকে যারা যন্ত্রণা দিয়েছে, তারাও এই যন্ত্রণা ভোগ করবে। সেটা কখন ও কোথায়, তা ভারতই ঠিক করবে। বক্তব্যের ব্যাখ্যা করে তিনি বলেন, এই দেশকে যে বা যারা যন্ত্রণা দিচ্ছে, তারা সেই যন্ত্রণা ভোগ না করলে অপকর্ম করেই যাবে। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের মধ্যে কট্টরবাদী ছোঁয়া পাওয়া গেলেও মনোহর পারিকর বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় যাননি। তিনি পাকিস্তানের নামও উচ্চারণ করেননি।
অবশ্য এই একই সময়ে মহারাষ্ট্রে বিজেপির দোসর শিব সেনা তাদের মুখপত্র সামনায় লিখেছে, যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত মুম্বাই বা পাঠানকোট হামলা বন্ধ হবে না। শিব সেনার মুখপত্রে প্রকারান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিরও সমালোচনা করা হয়েছে। পাঠানকোট হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের মন্তব্য, ‘বল এখন পাকিস্তানের কোর্টে’র উল্লেখ করে সামনায় লেখা হয়েছে, ‘২০০১ সালে সংসদ ভবন আক্রমণ কিংবা ২০০৮ সালে মুম্বাই হামলার পরেও বল পাকিস্তানের কোর্টে ছিল। ওরা আমাদের আক্রমণ করে, আমরা বারবার বলটা ওদের দিকে ঠেলে দিয়ে পরবর্তী আক্রমণের জন্য অপেক্ষা করি।’
সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া কোনো ব্যবস্থা ভারতকে সন্তুষ্ট করতে পারেনি। এটা যেমন সত্য, তেমনই সত্য পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারকে ভারত সরাসরি আক্রমণ করেনি। বরং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার শর্ত জুড়ে দিয়েছে। আগামী দুই দিনের মধ্যেই বোঝা যাবে ১৫ জানুয়ারির বৈঠকে যোগ দিতে জয়শঙ্কর ইসলামাবাদে যাচ্ছেন কি না।