১৬ আগস্ট তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি
ভারতের পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ১৬ আগস্ট তৃণমূল পালন করবে ‘খেলা হবে’ দিবস। এর বিপরীতে বিজেপি বলেছে, দেশজুড়ে শুরু হবে আশীর্বাদযাত্রা। পালিত হবে ‘শহীদ সম্মান যাত্রা’।
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে স্লোগানটি জয়প্রিয়তা পায়। এই স্লোগান এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীরা লুফে নিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যেও খেলা হবে স্লোগানটি ব্যবহার করা হচ্ছে। এমনকি লোকসভাতেও এই স্লোগান দিয়েছেন মোদিবিরোধীরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২১ জুলাই শহীদ দিবসের ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে ঘোষণা দেন, ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে খেলা হবে দিবস। রাজ্যের প্রতিটি শহর, গ্রাম, পঞ্চায়েত এলাকায় তৃণমূল পালন করবে এই খেলা হবে দিবস। আর এই দিবস উপলক্ষে বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে এক লাখ ফুটবল।
ওই দিন মমতা বলেছিলেন, ‘২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম খেলা হয়েছিল। সেই খেলায় আমরা জিতেছি। এই রাজ্যপাট থেকে বিজেপিকে হটিয়েছি। এবার সামনের ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আবার খেলা হবে। সেই খেলা হবে দিল্লির শাসনক্ষমতা থেকে মোদিকে হটানোর খেলা। বিজেপিকে হটানোর খেলা।’
মমতার এই ঘোষণার পর গতকাল বিজেপির রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ১৬ আগস্ট দেশজুড়ে শুরু হবে আশীর্বাদ যাত্রা। এ ছাড়া এ দিন রাজ্যে পালিত হবে শহীদ সম্মান যাত্রা। এদিন দেশজুড়ে বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা পথে নামবেন। যাবেন বিভিন্ন বাড়িতে। খোঁজ নেবেন করোনা পরিস্থিতির। জনসাধারণ টিকা, ত্রাণ পাচ্ছেন কি না, এর খোঁজ খবর নেবেন। শুনবেন এই রাজ্যে শাসক দল তৃণমূলের অত্যাচারের কথা।
এবারের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের হাতে ভোট–পরবর্তী সহিংসতায় বিজেপির ৪০ জনের বেশি নেতা-কর্মী নিহত হয়েছেন। এ জন্য বিজেপি পশ্চিমবঙ্গে পালন করবে শহীদ সম্মান যাত্রা। ওই দিন রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রীসহ সাংসদ ও বিধায়কেরা নিহত নেতাদের বাড়ি যাবেন। তাঁদের খোঁজখবর নেবেন। অভাব–অভিযোগের কথা শুনবেন।
প্রসঙ্গত, ইতিহাসের পাতায় এই ১৬ আগস্ট তারিখটি বিখ্যাত হয়ে আছে গ্রেট কলকাতা কিলিংস দিবস হিসেবে। তাই বিজেপি প্রশ্ন তুলেছে, তৃণমূল কীভাবে খেলা হবে দিবস হিসেবে ওই দিন বেছে নিল! এ প্রসঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত বলেন, এই ১৬ আগস্ট এক ঐতিহাসিক দিন। ১৯৪৬ সালের ১৬ আগস্ট অবিভক্ত ভারতে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আবার ১৯৮০ সালের ওই দিনে কলকাতার ইডেনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের খেলাকে ঘিরে বলি হয়েছিল ১৬ জন ফুটবলপ্রেমী। তাই কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে খেলা হবে দিবস পালনের উদ্যোগ নিলেন?