১৬ পুলিশের সবাই খালাস
ভারতের একটি আদালত গতকাল শনিবার ২৭ বছর আগের এক দাঙ্গায় বেশ কয়েকজন মুসলমানকে হত্যায় অভিযুক্ত ১৬ পুলিশের সবাইকে খালাস দিয়েছেন। উত্তর ভারতের মীরাটে ১৯৮৭ সালের ওই ঘটনায় ৪২ জনের বেশি মুসলমান নিহত হন। খবর এএফপির।
অভিযোগ ছিল, তল্লাশি অভিযানে পুলিশ মীরাটের হাশিমপুরা মহল্লা থেকে ওই মুসলমান বাসিন্দাদের তুলে নিয়ে গিয়েছিল। পরে তাঁদের একটি খালে ফেলে দেওয়া হয়। নয়াদিল্লির ওই আদালত বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয় সম্পর্কে সুনিশ্চিত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁদের খালাস দেওয়া হলো। অভিযুক্ত ব্যক্তিরা সবাই প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) বাহিনীর সদস্য। মীরাটের অবস্থান নয়াদিল্লির প্রায় ৭০ কিলোমিটার উত্তরে।
হত্যাসহ কয়েকটি অপরাধের দায়ে ১৯৯৬ সালে দেওয়া অভিযোগপত্রে ১৯ জন পুলিশ সদস্যের নাম থাকলেও ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত সবাই জামিনে ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সতীশ তামতা এ কথা জানালেও রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।