প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মানবাধিকারকর্মী ইরম শর্মিলা ১৬ বছর পর তাঁর অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। এর সঙ্গে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা দেন। নিজ রাজ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের (আফসপা) বিরোধিতা করে ২০০০ সাল থেকে অনশন শুরু করেন ইরম। এই অহিংস আন্দোলনের শুরু থেকেই তিনি বিচারিক হেফাজতে আছেন। মণিপুরের লৌহমানবী হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী শর্মিলা গতকাল মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফলের হাকিমের আদালতে বলেন, ‘আগামী ৯ আগস্ট অনশন ভাঙব। আগামী নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এত দিন একা লড়াই চালিয়েছি। এখন আইনপ্রণেতা হিসেবে এ লড়াই চালিয়ে যেতে চাই।’ বলা হয়, মণিপুরের একটি বাসস্ট্যান্ডে সেনাদের গুলি করে ১০ জনকে হত্যা করার দৃশ্য দেখার পর থেকে শর্মিলা খাওয়া বন্ধ করে দেন।
এএফপি