১৬ বছরের অনশন ভেঙে মুখ্যমন্ত্রী হতে চাইলেন শর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরম শর্মিলা
ইরম শর্মিলা

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদে টানা ১৬ বছর পর অনশন ভাঙলেন ইরম শর্মিলা। এরপর বলেছেন, তিনি মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার নিজের অনশন ভাঙেন ইরম শর্মিলা। তিনি বলেন, ‘আমি ঈশ্বর নই। আমি রাজনীতিতে যুক্ত হতে চাই। আমি মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।’

৪৪ বছর বয়সী শর্মিলা ২০০০ সালে ১ নভেম্বর অনশন শুরু করেছিলেন। টানা ১৬ বছর ধরে অনশনের সময় এই নারী কোনো খাবার খাননি। মণিপুরের রাজধানী ইম্ফলের একটি কারা হাসপাতালে তাঁর নাকে পাইপ দিয়ে জোর করে খাওয়ানো হয়।

২০০০ সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে মণিপুরের ১০ নিবাসী নিহত হয়েছিলেন। এ ঘটনার প্রতিবাদে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা এএফএসপিএ বাতিলের দাবিতে অনশন শুরু করেন ইরম শর্মিলা। ২৬ জুলাই তিনি অনশন ভাঙার ঘোষণা দেন।