১৬ বছরের অনশন ভেঙে রাজনীতিতে নামছেন শর্মিলা

দীর্ঘ ১৬ বছরের অনশন ভাঙলেন ভারতের মণিপুর রাজ্যের মানবাধিকারকর্মী ইরম শর্মিলা চানু। গতকাল মঙ্গলবার অনশন ভাঙার পর তিনি জানালেন, রাজনীতিতে নামছেন। আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচনে লড়বেন। হতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী।
দাবি আদায়ে শর্মিলার এই অনশন ইতিহাস হয়ে গেছে। ৫ হাজার ৭৫৭ দিনের অনশন করেন তিনি। এর আগে বিশ্বে কোথাও কেউ একটানা এত দিন অনশন করেননি।
২০০০ সালের ২ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মণিপুরের রাজধানী ইম্ফলের কাছের একটি গ্রামে ১০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোরও ছিল। এই মৃত্যু তরুণী শর্মিলাকে প্রচণ্ড নাড়া দেয়।
মণিপুরের জন্য সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহারের দাবি তোলেন শর্মিলা। নেমে পড়েন আন্দোলনে। শুরু করেন অনশন। তাঁর একটাই দাবি, আফস্পা প্রত্যাহার করতে হবে।
শর্মিলার অনশন ভাঙাতে রাষ্ট্রশক্তিও কম চেষ্টা করেনি। তাঁকে গ্রেপ্তার করা হয়, কিন্তু টলানো যায়নি লৌহমানবীর জেদকে।
টানা ১৬ বছর অনশনের পর গত ২৬ জুলাই তিনি ইম্ফল পশ্চিমের মুখ্য জেলা বিচারক এল টনসিংকে কথা দেন, মামলার পরবর্তী শুনানির দিন তিনি অনশন ভাঙবেন। কথামতো গতকাল অনশন ভাঙেন ৪২ বছরের সাহসী নারী। নিজ হাতে পান করেন মধু। আদালত এদিনই তাঁর জামিন মঞ্জুর করেন।
সাংবাদিকদের শর্মিলা বলেন, আফস্পা প্রত্যাহারের দাবিতে তিনি এখনো অনড়। দু-এক দিনের মধ্যেই নিজের কর্মসূচি ঘোষণা করবেন। আগামী বিধানসভা নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়বেন। মুখ্যমন্ত্রী হতে পারলে চেষ্টা করবেন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে।
এই অনশন আন্তর্জাতিক নানা স্বীকৃতিও দিয়েছে শর্মিলাকে। ২০০৭ সালে তিনি এশিয়ান হিউম্যান রাইটস কমিশন পুরস্কার ও রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কার পান।
শর্মিলার অনশন ভাঙার বিষয়ে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল কোনো বিবৃতি পাওয়া যায়নি। আপাতত তাঁর নিরাপত্তা নিয়েই ব্যস্ত সবাই।
শর্মিলার অনশন প্রতিবাদের কাহিনি তুলে ধরে গতকাল বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়, সালটা ছিল ২০০০। পয়লা নভেম্বর, বুধবার। দুই বাক্স মিষ্টি কিনে এনেছিলেন ইম্ফলের বাসিন্দা ২৮ বছরের তরুণী শর্মিলা। কাউকে ভাগ না দিয়ে গাছের তলায় বসে একাই মিষ্টিগুলো খেয়ে ফেলেছিলেন তিনি। সেই মিষ্টির কথা এত বছর পরও মনে রয়েছে তাঁর। নিজেই ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেদিনের সেই তরুণী। ওই মিষ্টির বাক্সটার কথা মনে রাখার কারণও রয়েছে যে। গতকাল অনশন ভাঙার আগ পর্যন্ত ১৬ বছরের মধ্যে সেটাই ছিল তাঁর শেষ শক্ত খাদ্য গ্রহণ।
২০০০ সালের ১ নভেম্বরের পরের দিনটা ছিল বৃহস্পতিবার। অনেক মণিপুরি হিন্দু নারীর মতো ওই শর্মিলাও প্রতি বৃহস্পতিবার উপোস করতেন ঈশ্বরের আরাধনায়। সেদিনও উপোস ছিলেন। এর মধ্যে দুপুরে ইম্ফলের উপকণ্ঠে মালোমে ঘটে যায় এক হত্যাকাণ্ড। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০ জনকে নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেলেন আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সদস্যরা। প্রতিবাদে সেই দিনের সে উপোস আর ভাঙেননি শর্মিলা।
সরকারি পশুচিকিৎসা বিভাগের কর্মী ইরম নন্দ আর ইরম সাখির মেয়ে শর্মিলা। নয় ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি। ১২ ক্লাসের পরীক্ষা শেষ করে স্টেনোগ্রাফি শেখেন তিনি। এরপর যোগ দেন মানবাধিকার সংগঠনে।