ভারতে ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দেওয়া কয়লা খনির সব লাইসেন্স অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
সুপ্রিম কোর্ট বলেছেন, যে নীতিমালার ভিত্তিতে কয়লা ব্লকগুলোর বরাদ্দ দেওয়া হয়েছিল, তা ছিল অস্বচ্ছ। ব্লক বরাদ্দে তৎকালীন সরকার প্রতিদ্বন্দ্বিতামূলক দরপত্র আহ্বান করেনি। তাই কয়লা ব্লকগুলো নতুন করে বরাদ্দ দেওয়া হবে।
কয়লা ব্লকগুলো নতুন করে বরাদ্দের প্রক্রিয়ার বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুনানি শুরুর নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ এই আদালত। কয়লাচুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশটিতে এই খাতে বিনিয়োগে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা রয়েছে।
বিভিন্ন কোম্পানিকে লিজ দেওয়ার উদ্দেশে ভারতে কয়লার মজুত রয়েছে এমন স্থানগুলোকে ব্লকে ভাগ করা হয়। কিন্তু সেই ব্লকগুলো বরাদ্দে দুর্নীতি হয়। সরকারের শীর্ষ কমকর্তারা কম মূল্যে সেগুলো বরাদ্দ দেয়। এই ঘটনা পরে কোলগেট বা কয়লা কেলেঙ্কারির হিসেবে পরিচিতি পায়।