১৭ লাখ সোনালি বালা বিতরণ করবেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

অভিনব এক উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে এবার তিনি ১৬ লাখ ৬২ হাজার ২১টি সোনালি বালা বিতরণের উদ্যোগ নিয়েছেন। 
অ্যালয় বা সাদা ধাতু দিয়ে তৈরি এই বালায় থাকবে সোনালি আস্তরণ। প্রতিটির ওজন হবে ১৩ গ্রাম। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ১৯টি জেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে চার দফায় এ বালা বিতরণ করা হবে। এটি মুখ্যমন্ত্রীর চালু করা কন্যাশ্রী প্রকল্পের আওতায় দেওয়া হবে। প্রতিটি বালায় ‘কন্যাশ্রী’ কথাটি বাংলা ও হিন্দিতে লেখা থাকবে। বালা নির্মাণে খরচ হবে তিন কোটি ৯৪ লাখ ৭২ হাজার রুপি। এ বালা বানানোর দায়িত্ব পেয়েছে কলকাতার পূজা ক্রিয়েশনস নামের একটি সংস্থা।
প্রথম দফায় ৩১ অক্টোবরের মধ্যে এ বালা বিতরণ করা হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিদ্যালয়ের চার লাখ ১৪ হাজার ২০০ জন ছাত্রীর মধ্যে। এরপরে দ্বিতীয় পর্যায়ের বালা বিতরণ করা হবে ১৫ নভেম্বরের মধ্যে বর্ধমান, বীরভূম, হুগলি ও নদীয়ায়। তৃতীয় পর্যায়ে ৩০ নভেম্বরের মধ্যে বিতরণ করা হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। চতুর্থ বা শেষ পর্যায়ে ৩১ ডিসেম্বরের মধ্যে বালা বিতরণ করা হবে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার বিদ্যালয়গুলোতে।