১৭৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চীনা নাগরিকের পথ দেখান ভারতীয় সেনারা
লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্য উত্তেজনা চলছে। সীমান্তে সমরসজ্জা বাড়াচ্ছে উভয় পক্ষই। ঠিক এমন পরিস্থিতিতে সিকিমের ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চীনা নাগরিককে উদ্ধার করল ভারতের সেনা সদস্যরা।
গতকাল শুক্রবার উত্তর সিকিমের পাহাড়ি এলাকায় পথ হারিয়েছিল তিন চীনা পর্যটক। তাঁদের মধ্যে একজন নারীও ছিলেন। সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় তাঁদের ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে এগিয়ে যায় ভারতীয় সেনা সদস্যরা। তাঁদের সঠিক রাস্তা দেখিয়ে দেন সেনারা।
অধিক উচ্চতা ও তীব্র ঠান্ডায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল ওই তিন পর্যটকের। সঙ্গে সঙ্গে তাঁদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে খাবার-পানি ও উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে দিয়েছিল ভারতীয় সেনারা। শ্বাসকষ্টের উপশমের জন্য অক্সিজেন সিলিন্ডারও দেন তারা। পরে তাঁদের বাড়ি ফেরার রাস্তাও দেখিয়ে দেন তাঁরা।
ভারতীয় সেনাদের এমন সাহায্যের জবাবও দিয়েছেন ওই তিন চীনা নাগরিক। এই সহায়তার জন্য তাঁরা ভারতীয় সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।