১৮ বছর পর মিলল সৈনিকের মরদেহ

ভারতশাসিত কাশ্মীরের সিয়াচেন সীমান্তে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন আজ থেকে ১৮ বছর আগে। ভারতীয় সেনাবাহিনীর এই সদস্য সেখান থেকে আর ফিরে আসেননি। তিনি জীবিত না মৃত—তা তাঁর পরিবার দূরে থাক, সেনাবাহিনীও পরিষ্কার করে এত দিন জানত না। আজ ১৮ বছর পর সিয়াচেনেই পাওয়া গেল তাঁর অবিকৃত মরদেহ।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের অধিবাসী এই সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়নি। তিনি কোন পদে কর্মরত ছিলেন, সেটাও জানানো হয়নি। কেবল জানানো হয়েছে, ১৮ বছর আগে ১৯৯৬ সালের দিকে তিনি কর্মরত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে কঠিন কর্মস্থল কাশ্মীরের সিয়াচেনে। সেখানে টহলরত অবস্থায় ওপর থেকে ভারী বরফখণ্ড পড়ে তাঁর মৃত্যু হয়। মৃতদেহের পকেটে রক্ষিত একটি পরিচয়পত্র থেকে তাঁর নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সেনাসদস্যটির মৃতদেহ পাওয়া গেছে অত্যন্ত দুর্গম এক স্থানে। তুষারঝড় ও অন্যান্য সমস্যার কারণে সন্ধান পাওয়ার পরও মরদেহটি আসতে লেগে যাবে পাঁচ দিন।
শ্রীনগরের পুলিশ সুপারিনটেন্ডেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৈনিকটির মৃতদেহ নিচে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই উত্তর প্রদেশে তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।’
প্রায় ১৮ হাজার ফুট উঁচুতে অবস্থিত সিয়াচেনকে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলা হয়। কাশ্মীর-সংক্রান্ত বিরোধের জের ধরে এই সিয়াচেনে প্রায়ই ভারতীয় ও পাকিস্তানি সেনা দলের মধ্যে গুলি বিনিময় হয়। দুই সেনাবাহিনীতেই এই সিয়াচেন কঠিনতম কর্মক্ষেত্র হিসেবে পরিচিত।
১৯৮৪ সাল থেকে সিয়াচেনের দুর্গম পরিবেশে আট হাজার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। যুদ্ধ বা গুলিবিনিময়ের ব্যাপার তো আছেই, এই আট হাজার সেনাসদস্যের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বরফখণ্ডের আঘাত, ভূমিধস ও মাত্রাতিরিক্ত শীতের কারণে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।