
১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকু থেকে বিমানে চড়ার পর নিখোঁজ হন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর শেষ পরিণতি নিয়ে অনেক সন্দেহ আর বিতর্ক থাকলেও বহুল প্রচারিত ব্যাখ্যা হচ্ছে, ওই বিমানটি দুর্ঘটনায় পড়ে নিহত হন নেতাজি। ভারতের এই জনপ্রিয় স্বাধীনতাসংগ্রামীর অন্তর্ধান রহস্য নিয়ে তত্ত্বের পাহাড়ে ঘটল নতুন সংযোজন।
উত্তর ভারতের লক্ষ্ণৌভিত্তিক গবেষক অধীর সোমের দেওয়া নতুন তত্ত্ব অনুযায়ী, ১৯৪৫ সালের নভেম্বরে হ্যানয়ে ছয়টি দেশের এক গোপন সম্মেলনে উপস্থিত ছিলেন নেতাজি। ফ্রান্সের একটি গোপন প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি করেছেন তিনি। অধীর বলছেন, তিনি এর সূত্র পেয়েছেন প্রখ্যাত ঐতিহাসিক ও ভিয়েতনাম বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস্টোফার গোসচার গবেষণা থেকে। ক্রিস্টোফারের ১৯৯৯ সালে প্রকাশিত ‘ভিয়েতনামের বিপ্লব ও দক্ষিণ-পূর্ব এশিয়া’ বিষয়ে একটি লেখা থেকে প্রথম ওই প্রতিবেদনের খবর পান অধীর। পরে ক্রিস্টোফারের সঙ্গে যোগাযোগ করে খুঁজে বের করেন আসল প্রতিবেদনের কপি। তাতে ১৯৪৫ সালের নভেম্বরে ‘চন্দ্র বসু’ নামের এক ব্যক্তির হ্যানয়ে থাকার কথা লেখা ছিল। প্রতিবেদন অনুযায়ী, হ্যানয় থেকে চীন হয়ে রাশিয়া যাওয়ার কথা ছিল তাঁর।
অধীর সোমকে অনেকে বলেছেন, প্রতিবেদনটিতে উল্লেখ করা ‘চন্দ্র বসু’ আসলে হয়তো নেতাজির ভাই শরৎ চন্দ্র বসু। তবে অধীরের যুক্তি, শরৎ বসু ওই সময়ে ভারতের কারাগারে বন্দী ছিলেন। সুতরাং হ্যানয়ে থাকা চন্দ্র বসু আদতে নেতাজি।
ফরাসি সরকারের কাছ থেকে নেতাজি সংক্রান্ত গোপন প্রতিবেদন চাওয়ার জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধীর সোম। তাঁর মতে, ওই সব প্রতিবেদন থেকে নেতাজির অন্তর্ধান নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। ইউক্রেনের সরকারের কাছেও নেতাজির ব্যাপারে তথ্য জানতে চেয়েছিলেন অধীর। ইউক্রেনের সরকার জানিয়েছে, তাদের কাছে কোনো তথ্য নেই। তবে রাশিয়ার তিনটি মহাফেজখানার কথা উল্লেখ করে দেশটির সিকিউরিটি সার্ভিস আর্কাইভসের পরিচালক আন্দ্রিই কোহুত বলেছেন, সেখানে নেতাজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে সেখানে কোনো গবেষকের প্রবেশাধিকার নেই।
অধীর সোম বলেছেন, রাশিয়ার কাছ থেকে সোভিয়েত আমলের এ-সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদনগুলো চাওয়া উচিত ভারতের। তাহলে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের বিষয়ে তথ্য পাওয়া যাবে। অধীরের মতে, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে এর চেয়ে ভালো প্রাপ্তি আর হতে পারে না।
গবেষক ও নেতাজিভক্তদের কেউ কেউ মনে করেন, ১৯৪৫ সালের ওই বিমান দুর্ঘটনায় নেতাজি আসলে মারা যাননি। তাঁদের দাবি, পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁকে দেখা গেছে।