২ বছর বয়সে ওজন ৪৫ কেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল। মা-বাবার হাত ধরে হুইলচেয়ারে বসে একটি মেয়েশিশু এসেছে চিকিৎসকের কাছে। শিশুটিকে দেখে চিকিৎসকের চক্ষু চড়কগাছ। ছোট্ট এই রোগীর বয়স মাত্র ২ বছর ৩ মাস। কিন্তু ওজন ৪৫ কেজি। বাড়তি ওজনের কারণে হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। তাই অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এক দশকের মধ্যে ভারতে মেদ ঝরানোর অস্ত্রোপচার করা সবচেয়ে কম বয়সী রোগী এই শিশু।

এনডিটিভি গতকাল মঙ্গলবার শিশুটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বয়স কম হওয়ায় শিশুটি কিংবা ওর মা-বাবার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। ম্যাক্স হাসপাতালের চিকিৎসক মনপ্রীত শেঠি জানান, জন্মের সময় শিশুটি পুরোপুরি স্বাভাবিক ছিল। ওজন ছিল আড়াই কেজি। এর পর থেকে ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। ছয় মাস বয়সে শিশুটির ওজন দাঁড়ায় ১৪ কেজিতে। দুই বছর বয়সে তা আরও বেড়ে হয় ৪৫ কেজি।

শিশুটির আট বছর বয়সী এক ভাই আছে। বয়স বিবেচনায় ওই শিশুর ওজন স্বাভাবিক। চিকিৎসকেরা ধারণা করছেন, এটা বংশগত কোনো সমস্যা নয়। তাহলে কেন দুই বছর বয়সী মেয়েশিশুটির ওজন বাড়তির দিকে রয়েছে? যেখানে এই বয়সী শিশুদের ওজন ১২ থেকে ১৫ কেজির মধ্যে হওয়ার কথা। চিকিৎসকদের মতে, এর বড় কারণ বাড়তি খাওয়া।

বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেদ ঝরানোর অস্ত্রোপচারে সাধারণত রোগী হিসেবে শিশুদের দেখা যায় না। তাই এই শিশুর অস্ত্রোপচারের জন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। তাঁরা শিশুটির পাকস্থলীর একটি অংশ বাদ দিয়েছেন। এর ফলে শিশুটির খাওয়ার পরিমাণ কমবে।

তবে রাতারাতি পরিবর্তনের দেখা মিলবে না। চিকিৎসকেরা বলছেন, অস্ত্রোপচারের পর শিশুটিকে বিশেষ ডায়েট মেনে চলতে হবে। শিশুটির বাবা বলেন, ‘গত দুই বছরে আমাদের অনেক লড়াই করতে হয়েছে।আমরা এই লড়াইয়ে অর্ধেক জয়ী হয়েছি। আর অনেকটা পথ পাড়ি দিতে হবে।’