ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী ১০ থেকে ২০ বছর ক্ষমতায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গত শুক্রবার বেঙ্গালুরুতে বিজেপির জাতীয় কর্মসমিতির দুই দিনব্যাপী বৈঠকের শুরুর দিনে এ কথা বলেন অমিত। খবর টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির।
অমিত শাহ বলেন, বিজেপি ভারতের চেহারা পাল্টে দেবে। তিনি বিরোধী কংগ্রেস দলকেও বেশ খোঁচা দেন। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর নাম উচ্চারণ না করে বলেন, ‘এনডিএ (বিজেপির নেতৃত্বাধীন জোট) সরকারের সমালোচনা না করে বিরোধী দলের উচিত, তাদের নেতাকে খুঁজে বের করা।’ রাহুল গান্ধী নিজেকে গুছিয়ে নিতে কয়েক সপ্তাহ ধরে দল থেকে ‘ছুটি’ নিয়েছেন। এর মেয়াদ কয়েকবার বাড়ানো হয়েছে।
গত বছরের মে মাসে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই দলটির কর্মসমিতির প্রথম বৈঠক। এর উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দলকে আরও দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে কর্মপন্থা নির্ধারণ করা এবং সদস্যসংখ্যা এখনকার ১০ কোটি থেকে আরও বাড়ানো। কর্মসমিতির গতকালের বৈঠকে লোকসভায় সদ্য পাস হওয়া বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিলটি নিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দলগুলো বিলটি কৃষকদের স্বার্থবিরোধী বলে এর বিরুদ্ধে জোর প্রচারণায় নেমেছে। বিলটি নিয়ে বিজেপির পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী নিতিন গড়কারি।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভূমি অধিগ্রহণ বিলের পক্ষে কথা বলেন। তিনি বলেন, ‘আমি গরিবের ঘরে বড় হয়েছি। কৃষকের কষ্ট বুঝি। কৃষকদের স্বার্থ অবশ্যই রক্ষা করা হবে।’ এবারের কর্মসমিতির বৈঠকে বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানির নীরবতা বড় একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ৩০ বছরের মধ্যে মাত্র দ্বিতীয়বারের মতো আদভানি কর্মসমিতির বৈঠকে বক্তব্য দিলেন না।
মন্ত্রিসভায় মেহবুবা মুফতি: রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছেন। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে মেহবুবা মুফতি। ৮ এপ্রিল বিদেশ সফরে রওনা হওয়ার আগেই মোদি এই ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে। এটা হবে মোদি মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পরিবর্তন। মোদির দল বিজেপি গত ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে মুফতি সাঈদের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোট সরকার গঠন করে। এভাবে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পায় হিন্দু জাতীয়তাবাদী দলটি।