২০ শকুনের মৃত্যু, অসুস্থ ৫২
ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায় একসঙ্গে ২০টি শকুনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ৫২টি শকুন।
গতকাল শনিবার লখিমপুর জেলার আখৈপুটিয়া গ্রামের কহা নদীর তীরে এই ঘটনা ঘটে। পরে বন বিভাগের চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে ৪৫টি শকুনকে সুস্থ করে আকাশে উড়িয়ে দিয়েছে।
জানা গেছে, আখৈপুটিয়া গ্রামের কহা নদীর তীরে একসঙ্গে অনেক শকুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেয় স্থানীয়রা। পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০টি শকুনের মৃতদেহ খুঁজে পান। এ ছাড়া অসুস্থ অবস্থায় ৫২টি শকুনকে উদ্ধার করে।
প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, বিষাক্ত মাংস খাওয়ায় শকুনের মৃত্যু হয়েছে। অসুস্থ শকুনগুলোও বিষক্রিয়ায় আক্রান্ত।
জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার ডি কে বোরা বলেন, চিকিৎসার পর ৪৫টি শকুনকে সুস্থ করে উড়িয়ে দেওয়া হয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। তিনি বলেন, ২০১৫ সালে এই গ্রামে হঠাৎ করে ২৮টি শকুনের মৃত্যু হয়েছিল।