২০ হাজার কোটি রুপি জরুরি বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, চীন ও ভুটান সীমান্তের ডোকলাম উপত্যকায় চীন ও ভারতের সামরিক বাহিনী মুখোমুখি অবস্থানে প্রায় দুই মাস ধরে। এই অবস্থার মধ্যে জরুরি ভিত্তিতে আরও ২০ হাজার কোটি রুপি বরাদ্দের দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

২০১৭-১৮ অর্থবছরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২ লাখ ৭৪ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণায়লের সচিব সঞ্জয় মিত্র অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জরুরি ভিত্তিতে ২০ হাজার কোটি রুপি দেওয়ার অনুরোধ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাজেটে বরাদ্দকৃত অর্থের বেশির ভাগই খরচ হয়ে গেছে। বেতন-ভাতায় অনেক অর্থ যাচ্ছে। সমরাস্ত্র কিনতেও বিশাল অঙ্ক ব্যয় হয়ে যাচ্ছে। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের পর এবারই প্রতিরক্ষা বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সবচেয়ে কম অংশ।

টাইমস অব ইন্ডিয়ার গত মাসের প্রতিবেদনে বলা হয়েছিল, ১৩তম প্রতিরক্ষা পরিকল্পনার (২০১৭-২০২২) অধীনে সেনবাহিনীর আধুনিকায়নের জন্য প্রায় ২৭ লাখ কোটি রুপি চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং ভারতের ভূকৌশলগত স্বার্থ সুরক্ষায় এই অর্থ প্রয়োজন বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের গোলন্দাজ, পদাতিক বাহিনীর সমরাস্ত্র এবং হালকা হেলিকপ্টারের অপর্যাপ্ততা রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক ড্রোন এবং রাতে যুদ্ধ করার মতো সক্ষমতাও নেই। নৌবাহিনীর সাবমেরিন (ডুবোজাহাজ) এবং হেলিকপ্টারের ঘাটতি রয়েছে।

ডোকলামে রাস্তা নির্মাণ নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন ও ভারত নিজেদের অবস্থানে অনড়। সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। চীনা গণমাধ্যম এবং সরকারের কেউ কেউ প্রায় প্রতিদিনই নিয়ম করে মনে করিয়ে দিচ্ছে, তাদের সামরিক শক্তির কাছে ভারত কিছুই নয়। ভারতও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

আগরতলা প্রতিনিধি জানান, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু গত বুধবার আগরতলায় বলেছেন চীনের সঙ্গে ভারতের যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, চীন সীমান্তবর্তী অরুণাচলে কোনো উত্তেজনা নেই।