২০ হাজার রুপির বদলে ১৫ কেজি কয়েন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বাতিল ১০০০ ও ৫০০ রুপির নোট বদলের জন্য ব্যাংকের সামনে প্রতিদিনই দীর্ঘ সারিতে দাঁড়াচ্ছে মানুষ। তাদেরই একজন ইমতিয়াজ আলম। ২০ হাজার রুপির সমপরিমাণ বাতিল নোট নিয়ে চার ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হলো তাঁকে। এরপর ফিরলেন ব্যাগভর্তি ১০ রুপির কয়েন নিয়ে! যার ওজন ১৫ কেজি!

একটি বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা ইমতিয়াজ আলম শুক্রবার জামিয়া কো-অপারেটিভ ব্যাংক থেকে এই অর্থ তোলেন। চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু যখন তিনি কাউন্টারে পৌঁছান, ব্যবস্থাপক তাঁকে জানান তাঁর চাহিদার পরিমাণ নোট অবশিষ্ট নেই। মাত্র দুই হাজার রুপি তিনি বদলে নিতে পারেন। ইমতিয়াজ ব্যবস্থাপককে বুঝিয়ে বলেন, যেকোনো উপায়ে তাঁর পুরো অর্থই লাগবে। তখন ব্যবস্থাপক তাঁকে ১০ রুপির কয়েনে বাকি অর্থ নেওয়ার কথা বলেন। এরপর তিনি ব্যবস্থাপককে ২০ হাজার রুপিই কয়েনের মাধ্যমে দেওয়ার প্রস্তাব দেন। পরে ব্যাংক থেকে পুরো অর্থই কয়েনে দেওয়া হয় তাঁকে।

ইমতিয়াজ বলেন, ‘আমি জানতাম এত অর্থ একসঙ্গে কয়েনে নেওয়াটা কষ্টকর। তবু আমি আনন্দের সঙ্গে রাজি হয়ে যাই, কেননা আর যা-ই হোক, এগুলো তো সচল রুপি!’

৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাল ও কালোটাকা প্রতিরোধ করতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন। যাদের কাছে এই নোট আছে, তাদের ব্যাংক থেকে রুপি বদল করে নিতেও ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।