২০০ জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরের সময় দেশটির স্কুল, সেনা ক্যাম্প বা জাতীয় মহাসড়কে জঙ্গি হামলা হতে পারে। এই আশঙ্কা ভারতের সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরের ১৬ ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল কে এইচ সিংয়ের। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই শঙ্কার কথা বলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বারাক ওবামার সফরের সময় হামলা চালানোর মাধ্যমে ভারতকে বিব্রত করার পরিকল্পনা জঙ্গিদের রয়েছে বলে দেশটির গোয়েন্দারা ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল কে এইচ সিং বলেন, অন্তত ২০০ জঙ্গি পীর পাঞ্চাল রেঞ্জ ধরে হামলার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দিয়ে বলেন, ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং কয়েক দিন আগেই বলেছেন, কাশ্মীরের পাকিস্তান অংশে জঙ্গিদের ঘাঁটি এখনো অটুট আছে।
গত মঙ্গলবার সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, পাকিস্তান এখনো জম্মু-কাশ্মীরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।
ড্রোন নিয়ে আলোচনা হবে: ওবামার সফরের আগেই ভারতে আসবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক কেনডেল। এ সময় দুই দেশের মধ্যে চালকবিহীন বিমান বা ড্রোন নির্মাণ ও পরিবহন বিমানের যন্ত্রপাতি নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হওয়ার কথা।
ড্রোন নির্মাণ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অ্যারো ভাইরনমেন্ট করপোরেশনের তৈরি আরকিউ-১১ র্যাভেন নামের বিমান তৈরি হবে। বিদেশে চালকবিহীন বিমান বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ কড়াকড়ি করে। তবে এ ক্ষেত্রে কেবল র্যাভেনের বিষয়ে কিছু ছাড় দেয়। এর মাধ্যমে শুধু পর্যবেক্ষণ সম্ভব হয়। এই দুই প্রকল্প নিয়ে কোনো দেশের কর্মকর্তারাই মুখ খুলছেন না। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ওবামার সফরের সময় এ বিষয়ে ঘোষণা আসবে।