২০১৪-১৫ মেয়াদে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দেয় ভারত
ভারত ২০১৪-২০১৫ মেয়াদে ১৪ লাখ ৩ হাজার বাংলাদেশি ও ১ লাখ ৭২ হাজার পাকিস্তানি নাগরিককে ভিসা দেয়। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ কথা জানান।
কিরেন রিজিজু জানান, বিভিন্ন ক্যাটাগরিতে ওই ভিসা দেওয়া হয়। ওই মেয়াদে ২০ হাজার ৮৭০ জন বাংলাদেশি ও ৪৮ হাজার ৫১০ জন পাকিস্তানি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থেকে যান। মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৩৮৭ জন বাংলাদেশি ও ১২ হাজার ২০০ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়।
মন্ত্রী জানান, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে থেকে যাওয়া ব্যক্তিদের ধরতে তৎপর রয়েছে। অনিচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে বা বাধ্যতামূলক পরিস্থিতির কারণে কেউ যদি অতিরিক্ত সময় থেকে যান, তবে তাঁদের নিয়মিত হওয়ার সুযোগ দেওয়া হবে এবং ওই সময়ের জন্য বর্ধিত ভিসা ফি আরোপ করা হবে। তথ্যসূত্র: পিটিআই