২০১৬: ভারত-পাকিস্তান সম্পর্কের তিক্ত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের একটা বড় সময় জুড়েই ছিল কাশ্মীর নিয়ে উত্তেজনা l এএফপি
বছরের একটা বড় সময় জুড়েই ছিল কাশ্মীর নিয়ে উত্তেজনা l এএফপি

২০১৫ সালে দুই দেশের সম্পর্ক অনেক কাছাকাছি এসেছিল। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী আকস্মিক সফরে লাহোরে গিয়ে নওয়াজ শরিফের জন্মদিন এবং তাঁর নাতনির বিয়েতে অংশ নিয়েছিলেন। তাই দেখে সবাই আশা করেছিল, ২০১৬ সালটা বুঝি দুই প্রতিবেশীর জন্য আরও ভালো যাবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো।
দুই দেশের পররাষ্ট্রসচিবেরা যখন আলোচনা শুরুর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছিলেন, এরই মধ্যে গত ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলা চালায়। এতে ভারতের সাত নিরাপত্তাকর্মী এবং পাঁচ হামলাকারী নিহত হয়। ওই ঘটনার পর থেকে শান্তিপ্রক্রিয়া থেকে দুই দেশ দূরে সরে যেতে থাকে।
এপ্রিলে ভারতীয় পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর পাকিস্তানি পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেও সেটা ‘দ্বিপক্ষীয় আলোচনা’ ছিল না। জুনে পাকিস্তান জানায়, তারা পাঠানকোট হামলার তদন্তে ভারতীয় কর্মকর্তাদের পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের সুযোগ দেবে। কিন্তু ইসলামাবাদের তরফ থেকে ওই হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে ভারত কোনো সন্তোষজনক উদ্যোগ দেখতে পায়নি। ফলে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর জুনে হিজবুল মুজাহিদীনের নেতা বুরহান ওয়ানি নিহত হন। তাঁকে কাশ্মীরি সন্ত্রাসবাদের হোতা বলে মনে করে ভারত। কিন্তু পাকিস্তান ওই ব্যক্তিকে ‘শহীদ’ আখ্যা দিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীর উপত্যকায় সহিংসতায় প্রায় ১০০ জন নিহত হয়। ভারত এ সহিংসতায় উসকানির জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে।
নয়াদিল্লিতে এক সর্বদলীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেন, পাকিস্তানের বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। স্বাধীনতা দিবসের ভাষণেও তিনি প্রসঙ্গটির উল্লেখ করেন। এরপর গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনাসদস্য প্রাণ হারান। এ ঘটনায় প্রতিশোধ নিতে সারা ভারতে জনমত তৈরি হয়। পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করে দেওয়ার চেষ্টাও করে নয়াদিল্লি। এরপর তারা গত ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে হামলা (সার্জিক্যাল স্ট্রাইক) চালায়।
সার্কের সম্মেলন এ বছর ইসলামাবাদে হওয়ার কথা ছিল। মোদি সেখানে যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেন। পরে আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও সার্ক সম্মেলনে যোগদান থেকে বিরত থাকে। ভারত বলেছে, ১৯৬০ সালের পানিচুক্তি বহাল রাখা হবে কি না, নতুন করে ভেবে দেখতে হবে। সর্বশেষ হার্ট অব এশিয়া কনফারেন্স-ইস্তাম্বুল প্রসেসের সম্মেলনেও পাকিস্তানকে কূটনৈতিক অপমানের শিকার হতে হয়েছে।