পাকিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ হবে: রাজনাথ
কাশ্মীরে এবার পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ১ পুলিশ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এবার পুলিশের তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাজ্যের দক্ষিণাঞ্চলীয় শোপিয়ান জেলায় গতকাল শুক্রবার রাতের এ হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও এক পুলিশ সদস্য এবং এক বেসামরিক লোক আহত হয়েছেন।
কাশ্মীরের পুলিশ জানায়, শোপিয়ান জেলার পুলিশের একটি তল্লাশিচৌকি লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাভিদ গিলানি বলেন, সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে হামলাটি চালিয়েছে। তবে তারা কোনো অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে ২৯ সেপ্টেম্বর পাকিস্তান ভূখণ্ডের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে ভারত। এরপর ২ অক্টোবর উরির কাছেই বারামুল্লাহতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেনাবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত হন এক বিএসএফ সদস্য। উরি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পাকিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ হবে: ভারত-পাকিস্তান সীমান্ত ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাঁটাতারের বেড়ায় ঘেরা হয়ে যাবে বলে গতকাল জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা বৈঠক শেষে এ কথা বলেন।
রাজস্থান রাজ্যের জয়সলমিরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিং সীমান্তে বেড়ার বিষয়ে বলেন, ‘এর জন্য একটা নির্ধারিত সময় আছে। তা শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে। আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করছি।’
অমিত শাহর জবাব: পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক থেকে বিজেপি সরকার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে বিরোধীদের অভিযোগের জবাবে ক্ষমতাসীন দলের সভাপতি অমিত শাহ বলেছেন, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের ওই অভিযানের ঘোষণা সেনাবাহিনীর ডিজিএমও দিয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর নন। ঘটনাটি সাংবাদিকদের জানানোর দায়িত্ব সেনাবাহিনীকেই দেওয়া হয়েছিল। সরকার এ ঘোষণা দেয়নি। এতে বোঝা যায়, বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে ভুল অভিযোগ করছে।