২২ বছর পর এবার কি পালাবদল?
শেষ বেলায় তেড়েফুঁড়ে উঠেছেন বিজেপির নেতারা। গত রোববার গোটা সুরাট যখন ঝাঁপিয়ে পড়েছে হার্দিক প্যাটেলের রোড শোতে, অবস্থার সামাল দিতে তখন শহরে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রোড শো দুজনেরই। কিন্তু ধারে-ভারে আসমান-জমিন ফারাক।
ফারাক হওয়ারই কথা। কেননা, রাজ্য রাজনীতিতে বিজয় রুপানির প্রভাব বা কাটতি নগণ্য। সৌরাষ্ট্রের রাজকোট থেকে বিধানসভায় জিতলেও নরেন্দ্র মোদির আমলে তিনি মন্ত্রিত্ব পাননি। প্যাটেলদের আন্দোলনে গোটা গুজরাট যখন উত্তাল, পুলিশের গুলিতে ১৪ জন পাতিদারের মৃত্যু হলো, পরিস্থিতি সামাল দিতে যখন মুখ্যমন্ত্রী আনন্দীবেনকে সরাতে বাধ্য হলেন মোদি ও অমিত শাহ, বিজয় রুপানির নাম গুজরাটের বাইরের মানুষ জানল তখনই।
বিজয় রুপানিকে বাছা হয়েছিল অনেকগুলো কারণে। প্রথমত, গুজরাটি হয়েও তাঁরা সেই অর্থে গুজরাটের নন। বিজয়ের ব্যবসায়ী বাবা ১৯৬০ সালে তৎকালীন বার্মার রাজধানী রেঙ্গুন থেকে রাজকোটে ফেরেন। দ্বিতীয়ত, তাঁরা জৈন, যাঁরা ধর্মকর্ম ও নিরুপদ্রব জীবন পছন্দ করেন। তৃতীয়ত, ব্যবসায়ী বিজয় রাজনৈতিক উচ্চাভিলাষী নন। এহেন পালকের মতো হালকা মুখ্যমন্ত্রী কী করে হার্দিকের মতো ডাকাবুকোর সঙ্গে পাল্লা দেবেন? বিজয় তাই তাঁর রোড শোতে ভাঙা রেকর্ডের মতো একটা কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বলে গেলেন, প্যাটেলরা বিজেপির চিরকালের মিত্র। হার্দিকের বালখিল্য আচরণে বরং তাঁরা বিরক্ত।
হার্দিক প্যাটেলও রোববার দিনভর তাঁর প্রচারে সুরাটেই কাটান। সুরাটের ওপর হার্দিকের নজর একটু বেশিই। এর কারণও আছে। শহরের মোট ১২টি আসনের মধ্যে একটিতেও বিরোধীদের দাঁত ফোটাতে দেয়নি বিজেপি ২০১২ সালের ভোটে। এই এক ডজন আসনের মধ্যে ছয়টিতে প্রাধান্য প্যাটেলদেরই। কংগ্রেসের হাসি তাই এতটা চওড়া।
এদিকে সোমবার সন্ধেবেলায় কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশিত হলো। সুরাট থেকে আহমেদাবাদে ফিরে কংগ্রেসের কার্যালয়ে সেই অনুষ্ঠানে দেখা অশোক গেহলটের সঙ্গে। রাহুল গান্ধীর নির্দেশে রাজস্থানের এই সাবেক মুখ্যমন্ত্রী গুজরাটকেই তাঁর ঘরবাড়ি করে তুলেছেন। তাঁরই সঙ্গে দলের প্রবীণ নেতা হাসমুখভাই প্যাটেল। দুজনই বললেন, ‘২০১৫ সালে গোটা রাজ্যে পঞ্চায়েত, পুরসভা ও করপোরেশনের যে ভোট হয়েছিল, সেই হিসেবে রাজ্যের ১১৫ আসনে কিন্তু কংগ্রেসই এগিয়ে।’
তবে কি ২২ বছর পর এবার পালাবদল? উত্তরটা লুকিয়ে এখানেই। ব্যবসায়ীরা বিরক্ত। এতটাই কি বিরক্ত যে ২২ বছরের স্থিতাবস্থার অবসান ঘটাতে তাঁরা মরিয়া? অমিত শাহ অদ্ভুত হাসি হাসছেন। বলছেন, দেড় শ আসন পাবেনই। তাহলে কি ‘ইভিএম’-এ কারচুপি হবে?