২৩ বছরে ধর্ষণের মামলা নেই একটিও
থানায় আলো নেই, পানি নেই। হাজত আছে, বন্দী নেই। মামলাও নেই বললেই চলে। ২৩ বছরে মামলা হয়েছে মাত্র ৫৫টি। এর মধ্যে ধর্ষণের একটি মামলাও নেই।
ভারতের রাজস্থানের জয়সালমিরের সীমান্তবর্তী গ্রাম শাহগড় বুলজে দেখা মিলবে এমন থানার। ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে থানাটি অবস্থিত। থানার কাছে কোনো গ্রাম নেই। ওই থানার আশপাশের এলাকায় মাত্র ৯০০ জনের বাস।
১৯৯৩ সালে থানাটি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এ পর্যন্ত ২৩ বছরে মামলা হয়েছে মাত্র ৫৫টি। এর মধ্যে একটিও ধর্ষণের মামলা নেই।
পুলিশ সুপার রাজীব পাচার বলেন, গত ১০ বছরে থানায় যেসব মামলা নথিভুক্ত হয়েছে সেগুলো পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৫ সালে কোনো মামলা ছিল না। ২০০৬ সালে একটি মামলা হয়। ২০০৭ সালে দুটি, ২০০৮ সালে একটি মামলা হয়। ২০০৯ ও ২০১০ সালে কোনো মামলাই হয়নি। ২০১১ সালে একটি, ২০১২ সালে চারটি, ২০১৩ ও ২০১৪ সালে দুটি এবং ২০১৫ সালে তিনটি মামলা হয়। আর ২০১৬ সালে কোনো মামলাই হয়নি।
থানায় ১৫ জন পুলিশ থাকার কথা। তবে সেখানে সহকারী উপপরিদর্শকসহ আছেন মোট ছয়জন।
থানায় নারী ও পুরুষের জন্য আলাদা হাজত রয়েছে। তবে সেখানে কোনো বন্দী নেই। একটি জিপ গাড়ি আছে। তবে সেটি অচলই পড়ে থাকে। শাহ বুলজ প্রত্যন্ত গ্রাম। সেখানে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা খুব খারাপ।
রাজীব পাচার জানান, আগে ভারত-পাকিস্তান সীমান্তে বেড়া না থাকায় মাদক ও অস্ত্র পাচারের ঘটনা বেশি ঘটত। তবে এখন তা কমে এসেছে। তাই এখানে অপরাধ কম।
বলা বাহুল্য, এই থানায় বদলি হলে পুলিশের মাথায় বাজ পড়ে। সাধারণত পুলিশের কোনো সদস্য অসদাচরণ করলে শাস্তি হিসেবে এই থানায় বদলি করা হয়।
ওই থানা থেকে ১২ কিলোমিটার দূরে বিদ্যুৎ-সংযোগের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই সেখানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।