২৪ বছরের চাকরিতে ২৩ বছরই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে এক স্কুলশিক্ষিকা চাকরিতে অনুপস্থিতির রেকর্ড গড়েছেন। ২৪ বছরের চাকরিজীবনে ২৩ বছরই অনুপস্থিত তিনি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছে।

গতকাল বুধবার পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, ৪৬ বছর বয়সী ওই স্কুলশিক্ষিকার নাম সংগীতা কাশ্যপ। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল মধ্য প্রদেশের সরকারি অহিল্যা আশ্রম স্কুল।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুষমা বৈষ্ণ গত মঙ্গলবার বলেন, ‘সংগীতা তাঁর ২৪ বছরের চাকরির মধ্যে ২৩ বছরই অনুপস্থিত ছিলেন।’

অধ্যক্ষ জানান, ১৯৯০ সালে শিক্ষক হিসেবে মধ্য প্রদেশের স্কুলশিক্ষা বিভাগে যোগ দেন সংগীতা। প্রথমে অন্য একটি স্কুলে ছিলেন তিনি। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ছুটিতে যান। ১৯৯৪ সালে সংগীতাকে আশ্রম স্কুলে বদলি করা হয়। একই বছর তিনি মাতৃত্বকালীন ছুটিতে যান। এরপর কাজে যোগ দেওয়ার ব্যাপারে তিনি আর কোনো প্রতিবেদন দেননি।

একইভাবে প্রায় ১০ বছর আগে আরেকজন শিক্ষক পিএইচডি করার জন্য ছুটতে গেছেন। তিনিও আর কাজে যোগ দেননি। কোনো যোগাযোগও করেননি।

অধ্যক্ষ জানান, অনুপস্থিতির ব্যাপারে উভয় শিক্ষককে বারবার চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু চিঠিগুলো ফেরত এসেছে। এরপর বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।