২৬ ফুট বরফের নিচ থেকে ছয় দিন পর জীবিত উদ্ধার

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে তুষারধসে চাপা পড়ার ছয় দিন পর গত সোমবার জীবিত উদ্ধার করা হয়েছে একজন সেনাসদস্যকে। তিনিসহ ১০ ভারতীয় সেনাসদস্য সেখানে চাপা পড়েছিলেন।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গত বুধবার ল্যান্স নায়েক হানামান থাপা সিয়াচেন হিমবাহের উত্তরাংশে অবস্থিত ভারতীয় সামরিক চৌকিতে কর্মরত ছিলেন। সেখানে তুষারধস হলে তিনিসহ ওই ১০ সেনাসদস্য চাপা পড়েন। এরপর থেকেই তাঁদের উদ্ধারে অভিযান চলছিল। গত সোমবার হানামান থাপাকে ২৬ ফুট বরফের নিচে জীবিত অবস্থায় পাওয়া যায়। অবশ্য বাকি নয়জন বেঁচে নেই।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, থাপার অবস্থা গুরুতর। তাঁকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার দিল্লিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কোমায় রয়েছেন।
সিয়াচেন হিমবাহের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ফলে উভয় দেশের সেনাবাহিনীই সেখানে নিয়মিত টহল দেয়। আর বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওই হিমবাহে টহল দিতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। গত মাসেও একই এলাকায় তুষারধসে মারা যান চার ভারতীয় সেনা।
বুধবারের তুষারধসের সময় সেনাসদস্যরা ১৯ হাজার ৩৫০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। পরে সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দল তল্লাশি অভিযান শুরু করলেও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বলছিলেন, নিখোঁজ সেনাদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে টুইটারে বার্তাও দিয়েছিলেন।