৩০ বছরের বিষে জর্জর শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূপালে বিষাক্ত গ্যাসের ক্ষতিকর প্রভাবের সাক্ষী এই আশা (বাঁয়ে)। তাঁর শরীরের বিষক্রিয়া এখন মেয়ে নীহারিকাকে (বাঁয়ে) স্পর্শ করেছে। সে শুনতে পায় না, কথা বলতে পারে না। ছবিটি গত রোববার ভূপালের চিঙ্গারি ট্রাস্ট থেকে তোলা। ছবি: এএফপি
ভূপালে বিষাক্ত গ্যাসের ক্ষতিকর প্রভাবের সাক্ষী এই আশা (বাঁয়ে)। তাঁর শরীরের বিষক্রিয়া এখন মেয়ে নীহারিকাকে (বাঁয়ে) স্পর্শ করেছে। সে শুনতে পায় না, কথা বলতে পারে না। ছবিটি গত রোববার ভূপালের চিঙ্গারি ট্রাস্ট থেকে তোলা। ছবি: এএফপি

নবজাতক নাতনির মুখ দেখলে কে না খুশি হন? কিন্তু চম্পা দেবী শুক্লার বেলায় ঘটে গেল অন্য রকম। তাঁর নাতনিকে নিয়ে সবারই কানাঘুষা। আর পরামর্শ—‘মেরে ফেলো, মেরে ফেলো!’ কিন্তু এই পাষণ্ডের মতো কাজ তিনি করবেন কী করে?
ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের বাসিন্দা শুক্লার নাতিটি শারীরিক ত্রুটি নিয়ে জন্মে ছিল। সেদিন অনেকেই তাঁকে শিশুটিকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, নাতিটি তাঁর সারা জীবনের বোঝা হয়ে থাকবে। কোনো কাজে লাগবে না। তাই মুখে তামাক দিয়ে দম আটকে তাকে মেরে ফেলাই ভালো।
কিন্তু চম্পার মন এতে সায় দেয়নি। এ রকম দুর্ঘটনা তাঁর জীবনে নতুন নয়। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর। সেদিন ভূপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় তিনি হারিয়েছিলেন স্বামী ও তিন ছেলেকে। বেঁচে গিয়েছিল একমাত্র মেয়ে বিদ্যা। পরপর তিনজন অসুস্থ, অপরিণত শিশুর জন্ম দিয়েছেন বিদ্যা। তাঁদের নিয়েই বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন চম্পা। চতুর্থ এই শারীরিক প্রতিবন্ধী নাতনিকেও তিনি সেই জীবনপথের লড়াইয়ে সঙ্গী করে নিতে চান।
১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভূপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটে। ওই দিন লোকালয়ের কাছে অবস্থিত রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে ক্ষতিকর মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ে। প্রাণ যায় সাড়ে তিন হাজার মানুষের। গ্যাসের বিষক্রিয়ায় ধুঁকে ধুঁকে মারা যায় আরও ২৫ হাজার মানুষ। তবে হিসাবের বাইরে রয়ে যান ভূপালের আরও অনেক বাসিন্দা। যাঁদের শরীরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের বিষক্রিয়া থেকে যায়।

কার্বিড রাসায়নিক কারখানাটি ৩০ বছর পরও ভূপালের বাসিন্দাদের কাছে এক অভিশাপ। সেদিনের সেই বিস্ফোরণের ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়েছে এক থেকে অন্য প্রজন্মে। ওই কারখানার কাছে যাঁরা থাকতেন, তাঁদের বেশির ভাগই জন্ম দিয়েছেন অস্বাভাবিক, অপরিণত শিশুদের।
তাঁদেরই মধ্যে একজন শুক্লা ও তাঁর মেয়ে বিদ্যা। কারখানার কাছেই রাস্তার ধারে তাঁদের বাড়ি ছিল। বিস্ফোরণের ওই রাতে স্বামী ও তিন ছেলে মারা যান। বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে বিদ্যা। ফিজিওথেরাপির পর সে সময় সে কিছুটা সুস্থ হয়।
স্বাভাবিক জীবনে ফিরে আসে বিদ্যা। বিদ্যা যখন অন্তঃসত্ত্বা হন তখন চম্পার পরিবারে আনন্দের বন্যা আসে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ বিদ্যার প্রথম ছেলে সুশীল খর্বাকৃতি হয়ে জন্মায়। ১৮ বছর বয়সেও তার উচ্চতা চার ফুটেরও কম।

বিদ্যার দ্বিতীয় ছেলে সঞ্জয় জন্মের পাঁচ মাস পরে মারা যায়। এরপর বিদ্যার কোলে আসে মেয়ে স্বপ্না। স্বপ্নার হাতের তালু ও ঠোঁট ছিল কাটা। নিজের পরিবারের এই দুর্ভোগ মেনে নিয়েছেন শুক্লা। অন্যের সাহায্যের জন্যও হাত বাড়িয়েছেন। চিঙ্গারি ট্রাস্ট নামের একটি চিকিৎসাকেন্দ্রে অসুস্থ শিশুদের সাহায্য করেন শুক্লা। সেখানে ৭০৫ জন অসুস্থ শিশু রয়েছে। ৩০ বছর আগের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার ক্ষতিকর প্রভাব তাদের শরীরে। মায়ের শরীরের গ্যাসের বিষক্রিয়া থেকে রেহাই পায়নি এই শিশুরা। ওই চিকিৎসাকেন্দ্রে তাদের বিভিন্ন থেরাপি দেওয়া হয়।
চিকিৎসাকেন্দ্রের কো-ট্রাস্টি রাশেদা বি প্রথমে ধারণা করেন, ভূপালের ওই এলাকার বিষাক্ত পানি খাওয়ার ফলে মায়েদের শরীরে এর বীজ রোপিত হচ্ছে। পরে তা তাঁদের সন্তানদের মধ্যে যাচ্ছে। তাঁর এক বোন ও বোনের তিন সন্তান মারা যাওয়ার পর এ ধারণা আরও দৃঢ় হয়।
জাপান সফরের পর ধারণাটি আরও পোক্ত হয়। ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা আণবিক বোমার প্রভাবে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে তিনি দেশে এসে কাজে নেমে পড়েন। যদিও তিনি চিকিৎসক বা গবেষক নন। এর পরও ২০ জন মায়ের কাছ থেকে নেওয়া বুকের দুধ পরীক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষাগারে প্রতি নয়জনে একজন মায়ের মাতৃদুগ্ধে ক্ষতিকর পদার্থ পারদ পাওয়া গেছে। এর প্রভাবে শিশুরা খর্বাকৃতির হয়ে থাকে বলে জানান রাশেদা।
১০ বছর আগে জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে জানানো হয়, ওই গ্যাস দুর্ঘটনার জায়গায় জন্ম নেওয়া শিশুরা শহরের অন্য জায়গায় জন্ম নেওয়া শিশুদের চেয়ে ৩ দশমিক ৯ সেন্টিমিটার বেশি খাটো।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান সলিল শেঠির ভাষ্য, বাবা-মায়ের কাছ থেকে পরবর্তী প্রজন্মও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত। দুর্ঘটনার ৩০তম বার্ষিকীতে তাঁরা এই প্রজন্মকে নিয়েই কাজ করে যাচ্ছেন। এএফপি।