৩৩ শতাংশ ফসলহানি হলেই ক্ষতিপূরণ পাবে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

সরকারের কৃষিবিরোধী তকমা ঝেড়ে ফেলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসময়ের বৃষ্টিতে ফসলহানির ক্ষতিপূরণ বাড়িয়ে দিলেন। গতকাল বুধবার মোদির দেওয়া ঘোষণা অনুযায়ী, জমির এক-তৃতীয়াংশ ফসল নষ্ট হলেই কৃষক ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিপূরণের পরিমাণও বাড়ানো হলো ৫০ ভাগ।
উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এবার অসময়ের বৃষ্টিতে গম, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসাবেই এক কোটি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দুই দিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ক্ষতিপূরণের দাবি জানান।
মোদি গতকাল ক্ষতিপূরণের কথা জানিয়ে বলেন, কৃষকেরা দুই দিক দিয়ে উপকৃত হবেন। আগে ৫০ শতাংশ ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়া যেত, এবার থেকে ৩৩ শতাংশ নষ্ট হলেই তা পাওয়া যাবে। এ ছাড়া আগে যিনি এক লাখ টাকা ক্ষতিপূরণ পেতেন, এবার তিনি পাবেন দেড় লাখ টাকা।
ভারতজুড়ে এখন ভূমি অধিগ্রহণ বিল নিয়ে বিরোধীদের প্রচার চলছে। বিজেপির কৃষক সংগঠন পর্যন্ত এই বিল নিয়ে খুব সন্তুষ্ট নয়। মোদি সরকার শিল্পের স্বার্থে কৃষকদের জমি কেড়ে নেওয়ার পথ সুগম করছে, বিরোধীরা এমন প্রচার চালাচ্ছে। এই অবস্থায় অসময়ের বৃষ্টিতে উত্তর ভারতের বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যে হাহাকার শুরু হয়। ১২-১৪ জন কৃষকের আত্মহত্যার খবরও শোনা গেছে।