৩৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল বিশাখাপট্টনম

৩৬ বছর পর ভোপালের বিষাক্ত গ্যাস দুর্ঘটনার ইতিহাসের পুনরাবৃত্তি হলো ভারতের অন্ধ্র প্রদেশের পর্যটন শহর বিশাখাপট্টনমে। এই বিশাখাপট্টনম ভাইজাগ হিসেবেই অধিক পরিচিত। এটি একটি সমুদ্রবন্দর বটে। এই বিশাখাপট্টনমের গোপাল পট্টনম এলাকার একটি রাসায়নিক কারখানায় স্টাইরিন গ্যাস লিক হয়ে এই দুর্ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত তিনটার দিকে।
৩৬ বছর আগে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরেও অনুরূপ আরেকটি গ্যাস দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। সেটি ছিল ভয়াবহ। আর এবারের বিশাখাপট্টনমের দুর্ঘটনার মাত্রা তেমন না হলেও স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের তৎপরতায় বড় এক দুর্ঘটনা থেকে রক্ষা করা গেছে বিশাখাপট্টনমের মানুষকে।
দক্ষিণ কোরিয়ার এলজি পলিমার্স প্রাইভেট লিমিটেড ইন্ডিয়ার কারখানায় মজুত ছিল স্টাইরিন গ্যাস। এই গ্যাস ব্যবহৃত হতো পলিয়েস্টার পলিথিন তৈরিতে। আরও ব্যবহৃত হতো ফাইবার গ্লাস, রাবার ও মোম তৈরিতে। বুধবার দিনগত রাতে এই কারখানায় মজুত গ্যাস হঠাৎ করে বাইরে ছড়িয়ে পড়তে থাকে। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা।
তাঁরা গ্যাস লিকের গন্ধ পেয়ে কারখানার সাইরেন বাজিয়ে জাগিয়ে তোলেন মানুষজনকে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তড়িঘড়ি খবর দেয় উদ্ধারকারীদের। চলে আসেন কারখানার কারিগরেরা। তাঁরা এসে গ্যাস লিক বন্ধের উদ্যোগ নেন। ততক্ষণে ছড়িয়ে পড়ে এই গ্যাস কারখানার ৩ কিলোমিটার এলাকাজুড়ে। এই গ্যাসের প্রভাবে আশপাশের মানুষ অসুস্থ হয়ে পড়েন। অনেকে রাস্তায় শুয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান। শুরু হয় শ্বাসকষ্ট ও যন্ত্রণা। জ্বলতে থাকে চামড়া। অনেকে জীবন রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন কুয়োয়। এক মহিলা ঝাঁপ দেন বাড়ির দোতলা থেকে। দুর্ঘটনাস্থলের অদূরে সীমাচলম রেলস্টেশনে বিষাক্ত গ্যাসের ছোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন রেলকর্মীরা। বন্ধও করে দেন এই পথে চলাচলকারী বিশেষ শ্রমিক ট্রেনও। পুলিশ এসে আশপাশের তিনটি গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে। পাশের তিনটি গ্রামের আড়াই হাজার বাড়িঘরে বাসিন্দাদের সতর্ক করে পুলিশ। উদ্ধার করে হাজারখানেক মানুষকে।
গ্রেটার বিশাখাপট্টনম পৌরসভা থেকে ঘোষণা দেওয়া হয়, কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। শ্বাস নিতে কষ্ট হলে ভিজা কাপড় বা মাস্ক ভিজিয়ে মুখ ঢেকে রাখতে। প্রয়োজনে কলা, গুড় ও দুধ পান করতে। এই বিষাক্ত গ্যাস লিকে ১১ জনের মৃত্যু হয়। এর মধ্যে একটি শিশু রয়েছে। অসুস্থ ৫ হাজারের মতো মানুষ। সরকারি হিসাবে সহস্রাধিক। এদের মধ্যে ১২০ জনকে নিকটবর্তী কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পুলিশ বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ছুটে যান হাসপাতালে। সেখানে তিনি খোঁজ নেন সবার। ঘোষণা দেন নিহত পরিবারপিছু ১ কোটি রুপি এবং ভেন্টিলেশনে থাকা অসুস্থদের ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তার। মুখ্যমন্ত্রী রেড্ডি এই দুর্ঘটনা নিয়ে বারবার বৈঠক করেন রাজ্যের মন্ত্রী, পুলিশ কর্মকর্তা এবং দুর্যোগ মোকাবিলা কর্মকর্তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের অবিলম্বে সুস্থতা কামনা করেছেন। সার্বিক সাহায্য ও সহযোগিতারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে এই দুর্ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কথা বলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্যদের সঙ্গে। বিশাখাপট্টনম থানা এই দুর্ঘটনার জন্য মামলা দায়ের করেছে পলিমার্স ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে। পুলিশ ওই কোম্পানির বিরুদ্ধে যথাযথ রক্ষণাবেক্ষণ না করা এবং অবহেলার অভিযোগ এনেছে।
ভোপালের পুনরাবৃত্তি
ঠিক একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সেই ৩৬ বছর আগে, ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ইউনিয়ন কারবাইড ইন্ডিয়া লিমিটেড কারখানায়। সেখানেও ঘটনা ঘটেছিল রাতে। তবে যখন এই ঘটনার কথা প্রকাশ্যে আসে, তখন কয়েক শ মানুষ মারা গিয়েছিল। অসুস্থ হয়েছিল লাখো মানুষ। সেদিন ভোপালের ওই কারখানা থেকে লিক হয়ে বের হয়েছিল মিথাইল আইসো সায়ানাইট (মিক) গ্যাস। ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল ৩ হাজার ৭৮৭ জন। বেসরকারি মতে বলা হয়েছিল, মৃতের সংখ্যা সরকারি হিসাবের ৫ গুণ ছিল। সরকারি হিসাবে আক্রান্ত হয়েছিল ৫ লাখ ৫৮ হাজার ১২৫ জন। রেহাই পায়নি জীবজন্তু, পশুপাখি। মানুষের সঙ্গে রাস্তায় পড়ে ছিল জীবজন্তুর মৃতদেহও। গাছের পাতার রং বদলে গিয়েছিল। শুকিয়ে গিয়ে ঝড়ে পড়েছিল। জন্ম নেওয়া শিশুরা পঙ্গু হয়েছিল। পঙ্গুত্ব বরণ করেছিল ৩ হাজার ৯০০ জন। সেই পঙ্গুত্ব নিয়ে এখনো বেঁচে আছেন ভোপাল ট্র্যাজেডির অনেকে।
এই দুর্ঘটনার পর ইউনিয়ন কারবাইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কিন নাগরিক ওয়ারেন অ্যান্ডারসন পালিয়ে গিয়েছিলেন আমেরিকায়। তাঁকে আর ভারতে আনা যায়নি। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর ফ্লোরিডায় তিনি মারা যান। তবে মামলা চলেছে ক্ষতিপূরণের দাবিতে।