৩৬ বছর পর ভ্রূণের কঙ্কাল অপসারণ

ভারতের চিকিত্সকেরা অস্ত্রোপচার করে এক নারীর দেহ থেকে ৩৬ বছর পর ভ্রূণের কঙ্কাল অপসারণ করেছেন। মানবদেহে কোনো ভ্রূণের স্থায়িত্বের দিক দিয়ে এটাই সবচেয়ে দীর্ঘ বলে দাবি করা হচ্ছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
চিকিত্সকদের ভাষ্য, ভারতীয় এই নারী ২৪ বছর বয়সে গর্ভধারণ করেন। কিন্তু ভ্রূণটি জরায়ুর বাইরে বেড়ে ওঠায় স্বাভাবিকভাবে এটির বেড়ে ওঠা ও জন্ম নেওয়ার বিষয়টি ব্যাহত হয়। পরে তা সমস্যায় রূপ নেয়। অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। কিন্তু ভারতের মধ্যাঞ্চলের প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র ওই নারী অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণে ভীত ছিলেন। ব্যথা কমাতে তিনি স্থানীয় একটি ক্লিনিকের দ্বারস্থ হন।
নাগপুরের এন কে পি সালভ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সার্জারি বিভাগের প্রধান মুর্তজা আকতার বলেন, আস্তে আস্তে ব্যথা মিলিয়ে গিয়েছিল। একসময় তিনি চিকিত্সা নিতে ভারতের পশ্চিমাঞ্চলের শহরে আসেন।
পেটের নিচের দিকে ফোলা দেখে চিকিত্সকেরা প্রথমে আশঙ্কা করেছিলেন, এটি ক্যানসার হতে পারে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীর দেহে ভ্রূণের কঙ্কালের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
নাগপুরের চিকিত্সক মুর্তজা আকতার জানান, ৩৬ বছর ধরে কোনো নারীর দেহে ভ্রূণ থেকে যাওয়ার ঘটনা চিকিত্সাবিজ্ঞানে বিস্ময়কর। চিকিত্সকেরা চিকিত্সাবিজ্ঞানের বিভিন্ন লেখা ঘেঁটে দেখেছেন, বেলজিয়ামের এক নারীর দেহ থেকে ১৮ বছর পর ভ্রূণের কঙ্কাল অপসারণ করা হয়েছিল। তিনি জানান, পুরো ঘটনা জানার পর ওই নারী প্রথমে হতাশ হয়েছিলেন। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠছেন।