৩৭ বছরের বাম বিধায়ক যোগ দিলেন তৃণমূলে
রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই তা যেন প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের রাজনীতিক আবদুর রেজ্জাক মোল্লা। ৩৭ বছর ধরে পশ্চিমবঙ্গের বিধানসভার সিপিএম থেকে নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি। আজ শুক্রবার সেই তিনি বাম রাজনীতিকে বিদায় জানিয়ে যোগ দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।
আজ দুপুরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় বর্ধিত সভায় আবদুর রেজ্জাক মোল্লা আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সভামঞ্চে রেজ্জাক মোল্লার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে যোগ দেওয়ার পর রেজ্জাক মোল্লা বলেন, নিজের ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন।
রেজ্জাক মোল্লা ছিলেন একনিষ্ঠ কমিউনিস্ট। ১৯৭৭ সাল—সেই বামফ্রন্টের আমল থেকে তিনি ২০১৪ সাল পর্যন্ত একটানা ৩৭ বছর ছিলেন সিপিএমের বিধায়ক ছিলেন। জিতেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব আসন থেকে। ছিলেন পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী। সর্বশেষ ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হন ক্যানিং পূর্ব আসনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীকে পরাজিত করে। এরপর থেকে দলের মধ্যে তাঁকে নিয়ে শুরু হয় মতবিভক্তি। এর জেরে ২০১৪ সালে রেজ্জাক মোল্লাকে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়। পরে তিনি নতুন দল ‘জাতীয় ন্যায় বিচার পাটি’ গঠন করেন। রেজ্জাক মোল্লাকে অবশ্য এবার আর ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করছে না তৃণমূল। তিনি নির্বাচন করবেন দক্ষিণ ২৪ পরগণার ভাঙর আসনে।