৪ ডিসেম্বর কোচবিহারে ছিটমহলের কাছে মমতার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ছিটমহল বিনিময় চুক্তির বিরোধিতা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছিটমহলবাসী আগে থেকেই অখুশি ছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে ও ছিটমহল বিনিময়ের ইঙ্গিত মেলায় এবার ছিটমহলের কাছেই উত্তরবঙ্গের প্রশাসনিক স্তরের সভা করার উদ্যোগ নিয়েছেন মমতা।
পশ্চিমবঙ্গের অধিকাংশ ছিটমহলই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। তাই সভার জন্য কোচবিহারের দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রামকে বেছে নিয়েছেন মমতা। ৪ ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
সভা উপলক্ষে এরই মধ্যে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ছিটমহলবাসীর সঙ্গে বৈঠক করেছেন। ছিটমহলের বাসিন্দারা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। গতকাল রোববার সম্ভাব্য সভার স্থল ঘুরে দেখেন উত্তরবঙ্গের পুলিশের আইজি জাভেদ শামীম ও অন্য কর্মকর্তারা।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ছিটমহল লাগোয়া গ্রামে রাজ্যস্তরের বৈঠক ছিটমহলবাসীকে ছিটমহল বিনিময়ের প্রক্রিয়ার পথকে আলো দেখাবে। আমরাও চাই অবিলম্বে বিনিময় হোক ছিটমহল।’ তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে ১৬২টি ছিটমহলের পক্ষ থেকে ১৬২টি গোলাপের স্তবক দিয়ে সংবর্ধিত করবে ছিটমহলবাসী।

নয়ারহাট গ্রামের কাছে অন্তত পাঁচটি বাংলাদেশি ছিটমহল রয়েছে। ছিটমহল বিনিময় হলে এই ছিটমহল চলে আসবে ভারতের ভূখণ্ডে। ছিটমহলের বাসিন্দারাও ভারতীয় হিসেবে স্বীকৃতি পাবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল রয়েছে। এর মধ্যে ভারতে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল আর বাংলাদেশে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল।