৪২ বছর কোমায় থাকার পর চলে গেলেন অরুণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণা শানবাগ
অরুণা শানবাগ

তিনি বেঁচে ছিলেন। আবার ঠিক বেঁচে থাকাও নয়। ছিলেন জীবন্মৃত। চিকিৎসার পরিভাষায় কোমায়। ৪২ বছর ধরে এভাবে থাকার পর গতকাল সোমবার মারা গেলেন অরুণা শানবাগ (৬৭)। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।
মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালের সেবিকা অরুণা ১৯৭৩ সালে ওই হাসপাতালেরই এক পরিচ্ছন্নতাকর্মী সোহানলাল ভর্তা বাল্মীকির ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর কুকুর বেঁধে রাখার িশকল দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় অরুণার। এর ফলে অরুণার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায়। চলে যায় দৃষ্টিশক্তিও। সম্পূর্ণ কোমায় চলে যান অরুণা। তাঁকে উদ্ধার করে কেইএম হাসপাতালেই ভর্তি করা হয়। এরপর থেকে সেই হাসপাতালের ৪ নম্বর কক্ষটিই অরুণার ঠিকানা ছিল।
অরুণা ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ডাকাতি ও হত্যাচেষ্টা অভিযোগ এনে সোহানলালের বিরুদ্ধে মামলা হয়। সাজা হয় সাত বছরের। হাসপাতালের রক্ষিত পশু-পাখির খাবার চুরি করার জন্য সোহানলালকে বকেছিলেন অরুণা।
গত সপ্তাহে অরুণার নিউমোনিয়া হয়। এরপর তাঁকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়। গত রোববার চিকিৎসকেরা বলেছিলেন, অরুণার অবস্থার উন্নতি হয়েছে। তবে গতকালই সকাল সাড়ে আটটায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অরুণার জীবন নিয়ে বই অরুনাস স্টোরির লেখক পিংকি বিরানি ভারতের সুপ্রিম কোর্টে অরুণার স্বেচ্ছামৃত্যুবরণের অধিকার দেওয়ার জন্য আবেদন করেন। তবে এর তীব্র বিরোধিতা করেছিলেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। ২০১১ সালে এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট এই আবেদন প্রত্যাখ্যান করেন।