৪৩০ সাংসদ কোটিপতি, ক্ষমতাসীন বিজেপিরই ২২৭; ৩৩ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবন। ছবি: এএফপি
নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবন। ছবি: এএফপি

ভারতের অধিকাংশ মানুষই কি তা হলে কোটিপতি? কিংবা কোটি না হলেও লাখপতি? প্রশ্নটা উঠেছে, কারণ গত লোকসভা ভোটে জয়ী ৫২১ জন সদস্যের হলফনামা পরীক্ষা করে দেখা গেছে ৮৩ শতাংশ সাংসদই কোটিপতি! কোটিপতি, মানে বড়লোক। তা হতে গেলে অপরাধী হতে হয় কি না, সেই প্রশ্নও উঠতে পারে; যেহেতু ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা (এনজিও) এই তথ্য জানিয়েছে।

এডিআর সংস্থাটি ভারতের নির্বাচন সংস্কার নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে। লোকসভা বা বিধানসভা ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা যে হলফনামা জমা দেন, তা বিচার করেই ওই সংস্থা তাদের রিপোর্ট তৈরি করে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ২০১৪ সালের ভোটে যাঁরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে ৫২১ জনের হলফনামা খুঁটিয়ে দেখে সংস্থাটি এই সিদ্ধান্তে এসেছে। রিপোর্ট অনুযায়ী শাসক দল বিজেপিতেই কোটিপতি সদস্যের সংখ্যা সর্বাধিক। ফৌজদারি মামলাও সবচেয়ে বেশি শাসক দলের সদস্যদের বিরুদ্ধে।

এডিআর এর হিসাবে দেখা যাচ্ছে, ৫২১ জনের মধ্যে কোটিপতি সাংসদ ৪৩০ জন। এঁদের মধ্যে বিজেপির সদস্য হলেন ২২৭, কংগ্রেসের ৩৭, তামিলনাড়ুর এআইএডিএমকে দলের ২৯ এবং বাকিরা অন্য দলের কিংবা স্বতন্ত্র সদস্য। এই সদস্যদের মধ্যে ৩২ জন রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি রুপিরও বেশি। লোকসভার মোট সদস্য ৫৪৩ জন। এডিআরের হিসাব অনুযায়ী সদস্যদের গড় সম্পত্তি দাঁড়াচ্ছে ১৪ কোটি ৭২ লাখ রুপি। ওই ৫২১ সদস্যের মধ্যে মাত্র ২ জন রয়েছেন যাঁদের সম্পত্তির মূল্য ৫ লাখেরও কম।

ফৌজদারি মামলা যেসব সাংসদের বিরুদ্ধে রয়েছে তাঁদের সংখ্যা ১০৬। মামলাগুলো গুরুতর। যেমন খুন বা খুনের চেষ্টা, নারী নির্যাতন, অপহরণ বা সাম্প্রদায়িকতায় উসকানি দেওয়া ও হিংসা ছড়ানো। ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা চলছে। এঁদের মধ্যে ৪ জন বিজেপির সাংসদ। কংগ্রেস, এনসিপি, আরজেডি বা এলজিপি দলের একজন করে। ১৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে শাসক দল বিজেপির সদস্য ৮ জন। আরও ১৪ জনের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে, যাঁদের ১০ জনই বিজেপির সাংসদ।

রাজনীতিকে অপরাধীমুক্ত করার জন্য কিছু নির্বাচনী সংস্কার হয়েছে। কিন্তু তাতে রাজনীতি অপরাধীমুক্ত হয়নি। বর্তমান আইন অনুযায়ী, কোনো মামলায় কারও ২ বছরের বেশি সাজা হলে তিনি মোট ৮ বছর ভোটে দাঁড়ানোর অধিকার হারাবেন। যত বছরের সাজা, তার সঙ্গে যোগ হবে আরও ৬ বছর। এই নিয়ম অনুযায়ী পশুখাদ্য মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আরজেডি নেতা লালু প্রসাদ ১১ বছর ভোটে দাঁড়াতে পারবেন না। উচ্চতর আদালত অপরাধীর দণ্ড কমিয়ে দিলে অথবা বেকসুর খালাস করলে অন্য কথা।

প্রার্থীর হলফনামায় সম্পত্তির পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক হলেও সেই সম্পত্তি কীভাবে অর্জিত তা দাখিল করা বাধ্যতামূলক নয়। কাজেই এই হলফনামার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। বহু প্রার্থীর ক্ষেত্রে দেখা গেছে, পাঁচ বছর আগের সম্পত্তি কয়েক শ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কী করে এই বৃদ্ধি সম্ভব, সেই ব্যাখ্যা দেওয়া প্রার্থীদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।
ভারতের রাজনীতিবিদদের অধিকাংশের জীবিকা কৃষি। সেই ১৯৫২ সাল থেকে অধিকাংশ ভারতীয় রাজনীতিবিদের এই পেশা এখনো অপরিবর্তিত। ভারতে কৃষিক্ষেত্র থেকে আয় এখনো আয়করের আওতায় পড়ে না। অধিকাংশ রাজনীতিবিদ ‘ফার্ম হাউস’ বা বাগানবাড়ির মালিক।